শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে (Delhi airport Emergency) হঠাৎ করে জরুরি অবস্থা জারি করা হয়, যখন মাঝআকাশে একটি যাত্রীবাহী বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিশাখাপত্তনম থেকে দিল্লিগামী ইন্ডিগো সংস্থার ওই বিমানে মোট ১৬১ জন যাত্রী ছিলেন।
প্রাথমিক সূত্রে জানা যায়, উড়ানের সময়ই বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়, যার ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে দিল্লি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয় এবং দমকল বিভাগসহ সংশ্লিষ্ট সমস্ত জরুরি পরিষেবাকে প্রস্তুত রাখা হয়।
বিমানটির অবতরণের জন্য নির্ধারিত ছিল ২৮ নম্বর রানওয়ে। সেই রানওয়েকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং ফায়ার টেন্ডার মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত সকাল ১০টা ৫৩ মিনিট নাগাদ বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল যাত্রী ও বিমানকর্মীকে নিরাপদে বের করে আনা হয়েছে এবং কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল দিল্লি বিমানবন্দরে। গত মাসে লেহ থেকে আসা স্পাইসজেটের একটি বিমানে ইঞ্জিনের সমস্যা দেখা দিলে তখনও জরুরি অবস্থা জারি করা হয়েছিল। বারবার বোয়িং ৭৩৭ বিমানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় এর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।





