Header AD
Trending

পাকিস্তানে ফের খতম ভারতশত্রু! রহস্যঘেরা হামলায় নিহত লস্করের শীর্ষ কমান্ডার

pak terrorist killed

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে নিহত হয়েছেন লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি। স্থানীয় সূত্রে জানা গেছে, সশস্ত্র হামলাকারীরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আফ্রিদির মৃত্যু হয়।

প্রশাসন সূত্রের দাবি, আফ্রিদি লস্কর প্রধান হাফিজ সইদের (Hafiz Saeed) ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সংগঠনের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। অভিযোগ, এই অঞ্চল থেকেই জঙ্গিদের প্রশিক্ষণ ও বিভিন্ন এলাকায় পাঠানোর কাজ তদারকি করতেন তিনি।

পাকিস্তান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি পরিকল্পিত হামলা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হত্যার দায় স্বীকার করেনি। হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মাটিতে একাধিক জঙ্গি ও চরমপন্থী সংগঠনের নেতার উপর হামলার ঘটনা সামনে এসেছে। অন্যদিকে, সম্প্রতি আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমা প্রকাশ্যে আসার পর মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন ‘র’ (RAW)-এর এজেন্টরা পাকিস্তানের মাটিতে বসে ভারতের স্বার্থে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। তবে, এই বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট। ভারত কোনও দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে না এবং কোনও হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত নয়। তাই এসব ঘটনার পেছনে কারা রয়েছে, তা নিয়ে জল্পনা থাকলেও কোনও নির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

ছবিঃ প্রতিকী