Header AD
Trending

অবসর ঘোষণার পরেও আমির খানের প্রযোজনায় অরিজিতের কণ্ঠ, কোন ছবিতে প্লেব্যাক বাংলার শিল্পীর?

প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা করার পরও আমির খানের প্রযোজিত একটি ছবির জন্য গান গাইলেন অরিজিৎ সিং। আর সেই খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই চর্চা তুঙ্গে। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই তথ্য সামনে আনল আমির খান প্রোডাকশনস। জানা গেল, আমির প্রযোজিত ছবি এক দিন-এর জন্য প্লেব্যাক করেছেন অরিজিৎ সিং। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন আমির-পুত্র জুনেইদ খান ও সাই পল্লবী। রোম্যান্টিক ড্রামা ঘরানার এই ছবিতেই শোনা যাবে অরিজিতের কণ্ঠ।

কয়েক দিন আগেই আচমকা মুম্বই থেকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে পৌঁছেছিলেন আমির খান। টানা তিন দিন বহরমপুরের একটি বিলাসবহুল হোটেলে ছিলেন তিনি। কখনও অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানো, কখনও আবার গায়কের স্টুডিওয় দীর্ঘ সময় কাটানো—এই সব মুহূর্ত ঘিরেই শুরু হয়েছিল নানা প্রশ্ন। তার আগেই অবশ্য অরিজিৎ ঘোষণা করেছিলেন, তিনি প্লেব্যাক দুনিয়াকে ‘আলবিদা’ বলছেন। ফলে হঠাৎ তাঁর সঙ্গে আমিরি সাক্ষাতে কৌতূহল যেমন বেড়েছিল, তেমনই জল্পনাও চলছিল! আমির খানের পরবর্তী বড় প্রজেক্ট  ‘মহাভারত’-এর জন্যই কি এই সৌজন্য সাক্ষাৎ?

সব জল্পনার অবসান হল সোমবার। প্রযোজনা সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিজিৎকে ধন্যবাদ জানানো হয়। সেই পোস্টে দেখা যায়, অরিজিতের পাশে বসে কাজ নিয়ে আলোচনা করছেন আমির খান। আমির লেখেন, “‘এক দিন’ ছবির জন্য গান গাওয়ার জন্য ধন্যবাদ অরিজিৎ। তোমার আর তোমার পরিবারের সঙ্গে কাটানো এই কয়েকটা দিন সত্যিই ম্যাজিক্যাল।” তাহলে কি আবার প্লে ব্যাকে ফিরছেন জিয়াগঞ্জের গর্ব? না তেমন সম্ভাবনা যে এখনই নেই তাও জানিয়েছেন আমির। মুম্বইয়ে ফিরে এক সাক্ষাৎকারে মিস্টার পারফেকশনিস্ট জানিয়েছেন, “আরিজিতকে প্লেব্যাকে রাজি করাতে নয়, একটা অন্য কাজে আমি ওঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তা সত্তেও আমি অরিজিৎকে অনুরোধ করেছিলাম যদি সিদ্ধান্ত থেকে সরে আসে, আর একবার ভাবে। কিন্তু আমার সব চেষ্টা ব্যার্থ হয়েছে। যা বুঝলাম ও মনস্থির করেই ফেলেছে।“

উল্লেখ্য, অবসর ঘোষণার সময়ই অরিজিৎ জানিয়েছিলেন, আগেই চুক্তিবদ্ধ কিছু কাজ এখনও বাকি রয়েছে। চলতি বছর সেগুলিই তিনি শেষ করবেন। সেই তালিকাতেই রয়েছে জুনেইদ খানের ‘এক দিন’। আমিরের পোস্ট অরিজিতের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার হতেই পুরো বিষয়টি নিয়ে আর কোনও সন্দেহ রইল না।