অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন কসবার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজি, দুর্নীতি এবং জাল নথি তৈরির মতো একাধিক অভিযোগে অভিযুক্ত এই নেতা দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। বুধবার পুরী থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ ও ওড়িশা পুলিশের যৌথ দল। এরপর তাঁকে কলকাতায় আনা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মগোপনে থাকার সময় সুশান্ত ঘোষ অন্য একটি মোবাইল সিম ব্যবহার করছিলেন। সেই সিমের সূত্র ধরেই তাঁর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। লোকেশন ট্র্যাক করার পর পুরীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে তদন্তের স্বার্থে ওড়িশা সীমান্তের বেলদা এলাকা থেকে তাঁর গাড়ির চালককে আটক করেছিল পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের পরই তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মেলে বলে জানা গিয়েছে।
সুশান্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ, জাল নথি ব্যবহার করে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে ফুটপাথের দোকান বিক্রি করা হয়েছিল। এই ঘটনায় আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন রাজডাঙা স্কুল রোডের এক বাসিন্দা। পাশাপাশি, স্থানীয় হকারদের কাছ থেকে নিয়মিত তোলা আদায়ের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।
অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই গা-ঢাকা দিয়েছিলেন ওই কাউন্সিলর। তাঁকে ধরতে পুলিশ ফেরার নোটিশ জারি করেছিল। দীর্ঘ অনুসন্ধানের পর শেষ পর্যন্ত পুরী থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হল তদন্তকারী দল। এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগগুলির বিষয়ে আরও তথ্য সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।





