Header AD
Trending

টলিপাড়ায় পুরনো ফোরাম নিয়ে বিস্ফোরক অভিযোগ, মুখ খুললেন ভাস্বর চট্টোপাধ্যায়

Bhaswar Post

টলিউডে (Bengali Film Industry) ক্ষমতার পালাবদলের পর একের পর এক বিতর্ক সামনে আসছে। ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swaroop Biswas) গ্রেপ্তার হওয়ার পর শিল্পী, টেকনিশিয়ান এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা দীর্ঘদিনের অসন্তোষ প্রকাশ করছেন। এই আবহেই আর্টিস্ট ফোরামের পূর্বতন কার্যকলাপ নিয়ে গুরুতর অভিযোগ তুললেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)।

ভাস্বরের দাবি, কয়েক বছর আগে একটি কাজের পারিশ্রমিক না পাওয়ার সমস্যায় তিনি আর্টিস্ট ফোরামের কাছে ই-মেল মারফত অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু সেই অভিযোগের কোনও জবাব তিনি পাননি। দীর্ঘদিন অপেক্ষা করার পর শেষ পর্যন্ত নিজস্ব উদ্যোগেই বিষয়টির সমাধান করতে হয়েছিল তাঁকে।

সম্প্রতি ফোরামের বর্তমান কমিটির এক সদস্যের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, আগের কমিটির আমলে শিল্পীদের পাঠানো বহু অভিযোগপত্র নির্দিষ্ট কয়েকজনের কাছে পাঠানো হতো। অভিযোগ, তাঁদের মধ্যে একজন অনেক ক্ষেত্রেই সেই মেলগুলিকে গুরুত্ব দিতেন না, এমনকী কিছু অভিযোগ নাকি সম্পূর্ণভাবে হারিয়েও যেত।

সামাজিক মাধ্যমে ভাস্বর লেখেন, পুরনো কমিটির সময় শিল্পীদের পাঠানো অনেক গুরুত্বপূর্ণ অভিযোগ যথাযথভাবে বিবেচনা করা হয়নি। তাঁর কথায়, শুধু তাঁর নিজের অভিযোগই নয়, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়-এর(Swastika Mukherjee) পাঠানো মেলও একইভাবে হারিয়ে যাওয়ার কথা তিনি শুনেছেন। তবে বর্তমান কমিটি আগের তুলনায় অনেক বেশি সক্রিয় এবং সংগঠনের স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।

ভাস্বরের বক্তব্যে সমর্থন জানিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র। তিনি মন্তব্য করেন, ভাস্বর যে তথ্য প্রকাশ করেছেন তা সঠিক। অন্যদিকে অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে প্রশ্ন তোলেন, ফোরাম ভেঙে দেওয়ার হুমকি দেওয়া সেই ‘বিশ্ববিখ্যাত অভিনেতা’ এখনও কি প্রভাবশালী অবস্থান বজায় রেখেছেন?

এই ঘটনাকে ঘিরে টলিপাড়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে। শিল্পী মহলের একাংশের মতে, অতীতের অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত হলে আরও বহু অজানা তথ্য সামনে আসতে পারে।