ঝাড়খণ্ডের দেওঘরে বৃহস্পতিবার সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। নওয়াডিহ স্টেশনের কাছে একটি লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়াল গোন্ডা থেকে আসানসোলগামী এক্সপ্রেস ট্রেন। তবে সৌভাগ্যবশত বড়সড় প্রাণহানি হয়নি; অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা।
সংঘর্ষের অভিঘাতে ট্রাকটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকের নীচে চাপা পড়ে দু’টি মোটরবাইক। পাশাপাশি ট্রেনের ইঞ্জিনেও ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে হাওড়া–নয়াদিল্লি মেন লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এখনও পর্যন্ত রেলের তরফে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার পর দেওঘর–গিরিডি প্রধান সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকটি সরিয়ে দ্রুত সড়ক ও রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম-সহ ঊর্ধ্বতন রেল আধিকারিকরা। পুলিশও ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত ও উদ্ধারকাজে সহায়তা করছে।





