ভোটের ফল (Election Result 2026) ঘোষণার পর থেকেই ইম্পার ( Eastern India Motion Pictures Association) অন্দরে অশান্তি থামার নাম নেই। শুক্রবারের বৈঠকেও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংগঠনের বর্তমান সভাপতি পিয়া সেনগুপ্তের (Piya Sengupta) পদত্যাগ দাবিতে অনড় থাকেন একাংশ সদস্য। দীর্ঘ বৈঠক হলেও শেষ পর্যন্ত কোনও সমঝোতার রাস্তা বেরোয়নি।
বিক্ষুব্ধ গোষ্ঠীর অন্যতম মুখ শতদীপ সাহা দাবি করেন, প্রথমে পিয়া পদ ছাড়তে সম্মত হলেও পরে অবস্থান বদলান। তাঁর অভিযোগ, সভাপতির বিরুদ্ধে অনিয়মের একাধিক প্রমাণ তাঁদের হাতে রয়েছে এবং শীঘ্রই তা প্রকাশ্যে আনা হবে। একইসঙ্গে তিনি বর্তমান কার্যকরী কমিটিকেও ‘অবৈধ’ বলে কড়া ভাষায় আক্রমণ করেন।
অন্যদিকে সব অভিযোগ উড়িয়ে দিয়ে পিয়া স্পষ্ট জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে তবেই তিনি সরে দাঁড়াবেন। তাঁর পালটা অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে মানসিক হেনস্তা করা হচ্ছে এবং তাঁর সামাজিক ভাবমূর্তিও নষ্ট করার চেষ্টা চলছে। বৈঠকে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
শুক্রবারের বৈঠকে দুই পক্ষের মোট ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন হলমালিক, পরিবেশক ও প্রযোজকদের একাংশ। দীর্ঘ আলোচনার মধ্যেই পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগে পরিস্থিতি বারবার উত্তপ্ত হয়ে ওঠে।
এখন নজর আগামী বৃহস্পতিবারের বৈঠকে। বিক্ষুব্ধ সদস্যরা জানিয়েছেন, সেদিন সকলের সামনে প্রমাণ পেশ করে তাঁরা বর্তমান কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলবেন। পালটা শিবিরের দাবি, আদালতের নির্দেশ দেখিয়েই তাঁরা প্রমাণ করবেন যে বর্তমান কমিটি আইনসম্মতভাবেই দায়িত্বে রয়েছে। ফলে ইম্পার অন্দরকলহ আপাতত আরও বড় সংঘর্ষের দিকেই এগোচ্ছে।





