Header AD

সল্টলেকের আনন্দলোক হাসপাতালে অগ্নিকাণ্ড!  ৭০ রোগী স্থানান্তরিত,আতঙ্কে পরিজনেরা

Anandalok Hospital Fire

মঙ্গলবার সকালে আনন্দলোক হাসপাতালে (fire incident Anandolok Hospital) হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যায়, সকাল প্রায় ১০টা নাগাদ হাসপাতালের দ্বিতীয় তলার অপারেশন থিয়েটার সংলগ্ন অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, যার ফলে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। পাশাপাশি হাসপাতালের ভেতরে কেউ আটকে রয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালের ভেতর হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়। চিকিৎসাধীন রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় ৭০-৭৫ জন রোগীকে অন্য ভবনে স্থানান্তর করা হয়েছে এবং সবাই নিরাপদে রয়েছেন।

প্রাথমিকভাবে দমকলের অনুমান, অপারেশন থিয়েটারের এসি মেশিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন।

সকাল ১১টা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে, তবে ধোঁয়া ছড়িয়ে থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে। ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হলেও, দ্রুত উদ্ধারকাজ ও দমকলের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।