Header AD
Trending

ইএম বাইপাস সংলগ্ন তারকাদের আবাসনে আগুন! অল্পের জন্য এড়াল বড় দুর্ঘটনা

সোমবার সকালেই ইএম বাইপাসের ধারের এক বিলাসবহুল আবাসনে আচমকা আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । বহুতলের একটি টাওয়ারের পাঁচতলার ব্যালকনি থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। উল্লেখ্য টলিপাড়ার একাধিক তারকার বাস ওই বিলাসবহুল আবাসনে।

ঘটনা টের পেয়ে আবাসনের বাসিন্দা ও নিরাপত্তারক্ষীরা দ্রুত সতর্ক হন। আতঙ্ক ছড়িয়ে পড়ায় বহু বাসিন্দা তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বিভাগে। অল্প সময়ের মধ্যেই দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

যুদ্ধকালীন তৎপরতায় কিছুক্ষণ চেষ্টার পর পরিস্থিতি আয়ত্তে আসে। দমকল কর্মীরা জানান, বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকমতো কাজ করায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে একটি এসি মেশিন থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

উল্লেখ্য, ইএম বাইপাস সংলগ্ন এই আবাসনে রাজ- শুভশ্রী, অরিন্দম শীল, শ্রাবন্তী, পায়েল সরকার, রচনা বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ সহ টলিপাড়ার একাধিক পরিচিত মুখের বাস। ফলে ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে এলাকাজুড়ে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।