রবিবার দুপুরে আচমকা আতশবাজির বাজারে আগুন লেগে ঘটল বিপত্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেহপুর এমজি কলেজের মাঠে। আগুনের গ্রাসে পুড়ে ছারখার হয়ে গিয়েছে ৬৫ টি দোকান।
সংবাদ সংস্থা সূত্রে খবর, দিন কয়েক ধরেই ফতেহপুর এমজি কলেজের মাঠে বসছিল আতশবাজির বাজার। রবিবার দুপুরে হঠাৎ বাজারে আগুন লেগে যায়। মুহূর্তে গোটা এলাকায় হু হু করে ছড়িয়ে পড়তে থাকে আগুন। সঙ্গে বিকট শব্দে বাজির বিস্ফোরণ। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন বাজি ব্যবসায়ীরা। অনেকে চেষ্টাও করেন আগুনের কড়াল গ্রাস থেকে আতশবাজি বাঁচানোর। তবে শেষ রক্ষা হয়নি। কয়েক কোটি টাকার বাজি পুড়ে ছারখার হয়ে যায় তাদের সামনে।
সূত্রের খবর রবিবারের ওই ঘটনায় ৬৫ টিরও বেশি দোকান আগুনে দগ্ধ হয়ে গিয়েছে। এছাড়াও মাঠে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি দুই চাকার গাড়িও পুড়ে গিয়েছে। আগুনে দগ্ধও হয়েছেন কয়েকজন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা সাড়ে বারোটা নাগাদ প্রথম একটি দোকানে আগুন লাগে। এরপর আগুন দ্রুত পাশে থাকা স্টলগুলিতেও ছড়িয়ে পড়ে। বাজির বিস্ফোরণের চারিদিক কালো ধোঁয়ার আস্তরণে ঢেকে যায়। খবর পাওয়া মাত্রই দমকল বাহিনী এলাকায় এসে পৌঁছোয়। অনেকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনিয়ে সক্ষম হয়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট এর জেরেই ঘটেছে এই দুর্ঘটনা।
উত্তরপ্রদেশের ফতেহপুরের পুলিশ সুপার অনুপ কুমার সিংহের কথায়, ” এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিভাবে ওই আগুন লাগল তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। কারও গাফিলতি যদি প্রমাণিত হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।”খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন জেলাশাসক রবীন্দ্র সিংহ। এছাড়াও ক্ষতিগ্রস্ত দোকানগুলির পাশে থেকে সব রকম সাহায্যের আস্থা দেওয়া হয়েছে।





