গুজরাটে হাসপাতালগামী অ্যাম্বুলেন্সে আচমকা আগুন লেগে মৃত্যু হল নবজাতকসহ চারজনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে গুজরাটের আরাভালিতে। পুলিশ সূত্রে খবর, মৃত নবজাতকের বয়স একদিন। জন্মের পর থেকেই সে অসুস্থ ছিল। তাই চিকিৎসার জন্য সোমবার রাতে তাঁকে বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তরিত করার পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা মতোই নবজাতককে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল।
অ্যাম্বুল্যান্সের ভিতরে ছিলেন নবজাতক ছাড়াও তাঁর বাবা, দুই আত্মীয়, এক চিকিৎসক এবং এক নার্স । রাত ১টা নাগাদ মোদাসা-ধনসুরা রোডে আসার পর হঠাৎ অ্যাম্বুল্যান্সটিতে আগুন লেগে যায়। চোখের নিমেষে ঝলসে মৃত্যু হয় চারজনের। স্থানীয়রা অগ্নিকাণ্ডের দৃশ্য দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও।
কোনও মতে অ্যাম্বুল্যান্সের চালক এবং আরও দু’জনকে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় । সামান্য পরিমাণে তাঁরা অগ্নিগদ্ধ হয়েছেন। তবে কী থেকে অ্যাম্বুলেন্সে আগুন লাগল, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশের এক আধিকারিক জানান, “দুর্ঘটনায় নবজাতক, তার বাবা, এক চিকিৎসক এবং এক নার্সের মৃত্যু হয়েছে। কোনও মতে বেঁচে গিয়েছেন অ্যাম্বুলেন্সের চালক এবং দুই আত্মীয়।“ ঘটনার তদন্ত শুরু হয়েছে।





