Header AD
Trending

দক্ষিণ কলকাতায় অগ্নিকাণ্ড! সাদার্ন অ্যাভিনিউয়ের আনন্দ আবাসনে আতঙ্ক, ঘটনাস্থলে দমকল

দক্ষিণ কলকাতায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার দুপুরে সাদার্ন অ্যাভিনিউ এলাকার আনন্দ আবাসনের একটি ফ্ল্যাটে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

প্রথমে পোড়া গন্ধ টের পান কয়েকজন বাসিন্দা। পরে দরজা খুলতেই চোখে পড়ে ঘন কালো ধোঁয়া। পরিস্থিতির ভয়াবহতা বুঝে অনেকেই তড়িঘড়ি ফ্ল্যাট ছেড়ে নিচে নেমে আসেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে এবং কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত— বিষয়টি খতিয়ে দেখছে দমকল। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি, ক্ষয়ক্ষতির পরিমাণও নির্দিষ্ট করে জানা যায়নি।উল্লেখযোগ্য বিষয়, ওই আবাসনে থাকেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। আবাসনে বেশ কয়েকটি পরিবারে পোষ্য কুকুর রয়েছে। বাসিন্দাদের পাশাপাশি তাদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এ দিনই সাদার্ন অ্যাভিনিউয়ের অন্য প্রান্তে একটি চলন্ত গাড়িতেও আগুন ধরে যায়। জানা গেছে, গাড়িটির ইঞ্জিনে আগুন লাগে। যদিও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

শহরে সাম্প্রতিক সময়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে। সোমবার রুবি সংলগ্ন ‘আরবানা’ আবাসনের একটি ফ্ল্যাটে আগুন লাগে। দমকলের দু’টি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তার কয়েক দিন আগেই টালিগঞ্জের একটি বহুতলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরপর এই ধরনের ঘটনায় বহুতল আবাসনগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।