ভোটমুখী রাজ্যে খাস শহর কোলকাতায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র! নির্বাচনের দিন ঘোষণা না হলেও নিরাপত্তা নিয়ে সতর্ক পুলিশ – প্রশাসন। আর সেই অবহে এবার কলকাতার গড়িয়াহাট চত্বরে বাস থেকে উদ্ধার হল ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাসটিকে ধাওয়া করে। তারপরই পুলিশের তৎপরায় উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রগুলি। লালবাজারের ARS টিমের হাতে গ্রেপ্তার হয় অস্ত্র পাচারকারী।
পুলিশ সূত্রে খবর, একটি ৭ MM পিস্তল, ৩টি ওয়ান শটার ও ১১ রাউন্ড কার্তুজ নিয়ে বাসে উঠেছিল মহম্মদ ইস্তিয়াক। গড়িয়াহাট থেকে EM বাইপাসের দিকে যাচ্ছিল । খবর পেয়ে বাসটিকে ধাওয়া করেছিল পুলিশ। কসবায় বাস থেকে নামতেই হাতেনাতে গ্রেপ্তার করা হয় অস্ত্র পাচারকারীকে। তার কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
সূত্রের খবর, ধৃত অস্ত্র পাচারকারী গয়ার বাসিন্দা, নাম মহম্মদ ইস্তিয়াক। পুলিশ জানিয়েছে, বিহার ও ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল আগ্নেয়াস্ত্রগুলি। তবে কী উদ্দেশ্য নিয়ে কলকাতায় অস্ত্র আনা হচ্ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত মহম্মদ ইস্তিয়াককে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের শিকড়ে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, গত বছর কলকাতার একাধিক স্থান থেকে অস্ত্র উদ্ধার হয়। ২০২৫ সালের ২৫ মে, ধর্মতলা থেকে শ’য়ে শ’য়ে কার্তুজ উদ্ধার করেন কলকাতা পুলিশের STF-এর অফিসাররা। এছাড়া গত ৩০ মার্চ, আনন্দপুরে এক মহিলা-সহ ২ জনের হেফাজত থেকে ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশের STF । ২০২৫ সালের ১৬ মার্চ, শিয়ালদা স্টেশনে উদ্ধার হয় ৪টি ৭ MM পিস্তল, ২টি ওয়ান শটার, ৮ রাউন্ড গুল। মালদার এক বাসিন্দাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF। ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি, বড়বাজার থেকে উত্তরপ্রদেশের তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF । উদ্ধার হয় ২টি ৭ MM ও ৯ MM পিস্তল এবং ১৯ রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয় উত্তরপ্রদেশের নম্বর প্লেটের একটি গাড়ি। ২০২৫ সালের ২৭ জানুয়ারি উত্তর কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে আগ্নেয়াস্ত্র, গুলি-সহ উত্তরপ্রদেশের ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF । উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি।





