Header AD

অতীতের তিক্ততা ভুলে বিয়েবাড়িতে একসঙ্গে কল্যাণ–মহুয়া, রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে

এক সময় সংসদের মধ্যেই প্রকাশ্যে সংঘাতে জড়িয়েছিলেন তৃণমূলের দুই হেভিওয়েট সাংসদ মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই বিরোধ এতটাই তীব্র ছিল যে, তার জেরে তৃণমূল কংগ্রেসের সংসদীয় রাজনীতিতে বড়সড় প্রভাব পড়ে। মহুয়া মৈত্রের সঙ্গে প্রকাশ্য বচসার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলীয় সংসদীয় চিফ হুইপের পদ পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। পরিস্থিতি সামাল দিতে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হয়। তবে সেই তিক্ততা এখন অতীত। রবিবার দুই সাংসদকে একসঙ্গে খোশমেজাজে দেখা গেল। আর তারপর থেকেই রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।

রবিবার ছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ও বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠান। সেই বিয়েবাড়িতেই হাসিমুখে কথা বলা, খোঁজখবর নেওয়া থেকে শুরু করে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলা—সব মিলিয়ে তৃণমূলের দুই হেভিওয়েট সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রের ‘পুনর্মিলন’ নজর কাড়ল সকলের। সেই ছবিগুলিই পরে নিজে ফেসবুকে পোস্ট করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যা ঘিরে শুরু হয় জোর আলোচনা।

উল্লেখ্য, এদিন নবদম্পতিকে আশীর্বাদ জানাতে সেখানে হাজির ছিলেন দলের একাধিক বর্ষীয়ান নেতা-নেত্রী। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র—সকলেই উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। বিয়েবাড়িতে মহুয়ার উপস্থিতিও নজর এড়ায়নি কারোর। বরাবরের মতোই এদিন ফ্যাশনদুরস্ত হয়েই বিয়েবাড়িতে হাজির হয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। ঘন নীল রঙের জমকালো শাড়ি, মানানসই শাল ও হালকা মেকআপে তাঁকে বেশ মানিয়েছিল। তবে সব কিছুর মাঝেও সবচেয়ে বেশি চোখে পড়ে শ্রীরামপুর ও কৃষ্ণনগরের দুই সাংসদের হাসি-ঠাট্টা-আড্ডা।

এক সময় ছোটখাটো মতানৈক্য থেকেই দু’জনের সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছিল যে, কার্যত মুখ দেখাদেখি বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়। মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ‘নারীবিদ্বেষী’ ও ‘হতাশাগ্রস্ত’ বলেছিলেন, অন্যদিকে কল্যাণের গলাতেও ‘মুখ দেখলে দিন খারাপ যায়’ গোছের কথা শোনা গিয়েছিল । সব মিলিয়ে সহকর্মী হলেও তাঁদের সম্পর্ক হয়ে উঠেছিল চরম তিক্ত।

কিন্তু সময় যে অনেক ক্ষত সারিয়ে তোলে, তারই প্রমাণ মিলল সাগরিকা ঘোষের মেয়ের বিয়েবাড়িতে। পুরনো মনোমালিন্য ভুলে ফের সৌহার্দ্যের পথে হাঁটলেন কল্যাণ ও মহুয়া—এই দৃশ্য দেখে রীতিমতো সরগরম রাজনৈতিক মহল।