চিত্তরঞ্জনে প্রাক্তন হকি খেলোয়াড় ও রেলকর্মী এরিক লাকড়া (Erik Lakra) মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। গত ৮ মার্চ স্টেশন চকের কাছে একটি সামান্য সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিবাদই শেষ পর্যন্ত ভয়াবহ পরিণতি নেয়। গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে দুর্গাপুরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এরিকের গাড়ির সঙ্গে একটি স্কুটির হালকা সংঘর্ষের জেরে ঝামেলার সূত্রপাত। অভিযোগ, এরপর তিন দুষ্কৃতী বাইকে করে তাঁকে তাড়া করে অফিসার্স ক্লাবের কাছে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। লোহার রড, হেলমেট এবং ঘুষি-লাথি দিয়ে নির্মমভাবে আঘাত করা হয় তাঁকে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে এই নৃশংস হামলার দৃশ্য ধরা পড়েছে। হামলার পর রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।
গুরুতর আহত অবস্থায় ৫০ বছরের এরিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও সহকর্মীরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চিত্তরঞ্জনের ৩ নম্বর গেটের সামনে মৃতদেহ রেখে পথ অবরোধ করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ ও আরপিএফ মোতায়েন করা হয়।
পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হিসেবে আয়ুষ ভগত, রাজা খান ও শুভম পাণ্ডের নাম চিহ্নিত করা হয়েছে। ঘটনার পর থেকেই তারা পলাতক। প্রথমে মারধরের মামলা দায়ের হলেও এখন খুনের ধারা যুক্ত করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।





