Header AD
Trending

ইউনেস্কোর ‘নাম ভাঙিয়ে’ দুর্গাপুজোকে ঘিরে জালিয়াতি!ইন্দ্রনীল সেন-সহ পাঁচজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

indranil

কলকাতার দুর্গোৎসবকে কেন্দ্র করে বেআইনি ব্যবসা এবং ইউনেস্কোর নাম বিভ্রান্তিকরভাবে ব্যবহারের অভিযোগে প্রাক্তন মন্ত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন, তাঁর স্ত্রী মধুছন্দা সেন-সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে অভিযোগপত্র জমা পড়ে কলকাতা পুলিশ কমিশনার, রাজ্যের ডিজি এবং বৌবাজার থানা-র কাছে।

অভিযোগে ইন্দ্রনীল ও মধুছন্দা সেন ছাড়াও নাম রয়েছে ধ্রুবজ্যোতি বসু, সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায়-এর।অভিযোগকারীদের মধ্যে রয়েছেন মেঘদূত ফাউন্ডেশন-এর কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় এবং সগুনা মুখোপাধ্যায়। তাঁদের দাবি, দুর্গাপুজোকে কেন্দ্র করে ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড পুজো এন্ট্রি’ নামে টিকিটভিত্তিক একটি কর্মসূচির প্রচারে এমনভাবে ইউনেস্কোর নাম ব্যবহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের মনে এটি ইউনেস্কোর অনুমোদিত বা সহযোগিতাপ্রাপ্ত উদ্যোগ বলে ধারণা তৈরি হয়।

অভিযোগকারীদের বক্তব্য, UNESCO কখনও এই ধরনের বাণিজ্যিক অংশীদারিত্ব বা চুক্তিতে সম্মতি দেয় না। তাঁদের দাবি, ইউনেস্কোর পক্ষ থেকে প্রাপ্ত ই-মেল এবং অন্যান্য আইনি নথিও অভিযোগের সঙ্গে জমা দেওয়া হয়েছে, যেখানে এই ধরনের বাণিজ্যিক উদ্যোগের কোনও অনুমোদনের উল্লেখ নেই।

অভিযোগে আরও বলা হয়েছে, কলকাতার দুর্গাপূজার আন্তর্জাতিক স্বীকৃতি ও পর্যটন আকর্ষণকে সামনে রেখে একটি বাণিজ্যিক মডেলের মাধ্যমে টিকিট বিক্রি করে আর্থিক লাভের চেষ্টা করা হয়েছে।অভিযোগকারীদের মতে, বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদাপ্রাপ্ত এই উৎসবকে কেন্দ্র করে এমন কর্মকাণ্ড তার ভাবমূর্তি ও ঐতিহ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে।

ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে পুলিশের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এখন প্রশাসন অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে। তবে অভিযোগের বিষয়ে ইন্দ্রনীল সেন বা মধুছন্দা সেনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। প্রশাসনিক সূত্রের দাবি, জমা পড়া নথিপত্র ও অভিযোগের সত্যতা খতিয়ে দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।