“এখন ওরা গ্যাস-পেট্রল-ডিজেলের দাম বাড়াবে না। কিন্তু ২৯ এপ্রিল ভোট মিটলেই ৩০ তারিখই কেন্দ্রের বিজেপি সরকার গ্যাসের দাম বাড়িয়ে ২০০০ করবে আর পেট্রল-ডিজেল ২০০ টাকা।” শুক্রবার বিনপুরের নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই কথার পরিপ্রেক্ষিতে এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, “নরেন্দ্র মোদি কথা দিক আগামী ৫ বছর তাঁর সরকার গ্যাস-পেট্রল-ডিজেলের দাম বাড়াবে না। আমি কথা দিচ্ছি তৃণমূল প্রার্থীপদ প্রত্যাহার করবে।”
শুক্রবার বিনপুরের পড়িহাটি প্রগতি সংঘ হাইস্কুল গ্রাউন্ডে তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার হয়ে নির্বাচনী জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে চাঁচাছোলা আক্রমণ করেন তিনি। সভা থেকে জ্বালানি সংকট নিয়ে কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, ভোট মিটলেই গ্যাসের দাম হবে ২০০০ টাকা আর পেট্রল- ডিজেল ২০০ টাকা লিটার। পাশাপাশি বিনপুরের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন , “সংবিধান পাল্টানোর চেষ্টা করছে বিজেপি। গুজরাতে অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার চেষ্টা করবে। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হবেন আদিবাসী ভাইবোনেরা।”

এরপর বীরবাহার সমর্থনে কথা বলতে গিয়ে দিল্লিতে ঘটা একটি ঘটনার কথা উল্লেখ করে অভিষেকের তোপ, “যাঁরা মহিলাদের সম্মান দিতে পারে না, তারা আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলে।” প্রসঙ্গত, ঝাড়গ্রামের বিনপুর, শালবনি, জামবনি আদিবাসী অধ্যুষিত অঞ্চল। আদিবাসী ভোটকে সামনে রেখে সেখানকার উন্নয়নের খতিয়ানও সভায় পেশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি দলীয় ইস্তাহার অনুসারে দিদির ১০ প্রতিজ্ঞার কথাও তুলে ধরেন তিনি।





