Header AD

বাঁকুড়ার বালুচরী-মৃৎশিল্পকে জিআই স্বীকৃতি! ফের ‘শাহী ভুল’কে নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা

amit shah

বাঁকুড়ার নির্বাচনী মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-এর মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ফের শুরু হয়েছে তীব্র বিতর্ক। শনিবার রামসাগর এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে গিয়ে তিনি ঘোষণা করেন, বাঁকুড়ার বালুচরী শাড়ি ও পাঁচমুড়ার মাটির কাজকে জিআই (Geographical Indication) স্বীকৃতি দেওয়া হবে। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনার ঝড়। কারণ, বাস্তবে এই দুই ঐতিহ্যবাহী শিল্প বহু আগেই জিআই স্বীকৃতি পেয়েছে এবং দেশ-বিদেশে সুপরিচিত। ফলে নতুন করে এই স্বীকৃতি দেওয়ার ঘোষণাকে ঘিরে প্রশ্ন উঠেছে তথ্যের যথার্থতা নিয়ে।

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা প্রার্থী সুব্রত দত্ত কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “যে শিল্প বহু আগে জিআই স্বীকৃতি পেয়েছে, সেটাকেই আবার নতুন করে দেওয়ার কথা বলা হচ্ছে। এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং তথ্যভিত্তিক নয়।” তাঁর অভিযোগ, স্থানীয় ঐতিহ্য সম্পর্কে সঠিক ধারণা ছাড়াই এমন ঘোষণা করা হচ্ছে, যা আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

উল্লেখ্য, বিষ্ণুপুর-বাঁকুড়া অঞ্চলের বিখ্যাত বালুচরী শাড়ি এবং পাঁচমুড়ার টেরাকোটা শিল্প দীর্ঘদিন ধরেই জিআই-স্বীকৃত। এই শিল্পগুলো শুধু রাজ্যের গর্ব নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও বিশেষ পরিচিতি অর্জন করেছে। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, রামসাগরের এই মন্তব্য আসলে পুরনো স্বীকৃতিকেই নতুন প্রতিশ্রুতির মোড়কে তুলে ধরার প্রচেষ্টা। আর সেই কারণেই বিষয়টি ঘিরে এখন জেলা রাজনীতিতে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়েছে।