Header AD

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! অ্যাড হক বোনাসবৃদ্ধি, বাড়ল বরাদ্দ এবং ঊর্দ্ধসীমাও

শারদোৎসব ও ইদের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য অর্থ দপ্তর। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাড হক বোনাস, উৎসব অগ্রিম এবং অবসরপ্রাপ্তদের উৎসব ভাতা—সব ক্ষেত্রেই বাড়ানো হয়েছে আর্থিক সুবিধা। গত বারের চেয়ে এ বার বেতনের ঊর্ধ্বসীমা আরও ২ হাজার টাকা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানিয়েছে, যে সরকারি কর্মীদের বেতন ৪৬ হাজার টাকার মধ্যে, তাঁরাই চলতি অর্থবর্ষে এই বোনাস পাবেন।

২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত যাঁদের মাসিক বেতন ৪৬ হাজার টাকা বা তার কম, তাঁরা পাবেন ৭,৪০০ টাকা অ্যাড হক বোনাস। গত বছর এই বোনাসের পরিমাণ ছিল ৬,৮০০ টাকা এবং বেতনের ঊর্ধ্বসীমা ছিল ৪৪ হাজার টাকা। অর্থাৎ এ বছর বোনাস বেড়েছে ৬০০ টাকা এবং বেতনসীমাও বাড়ানো হয়েছে ২০০০ টাকা। পাশাপাশি যাঁদের মাসিক বেতন ৪৬ হাজার টাকার বেশি কিন্তু ৫৪ হাজার টাকার কম, তাঁরা সর্বোচ্চ ২২ হাজার টাকা পর্যন্ত উৎসব অগ্রিম নিতে পারবেন। গত বছর এই অঙ্ক ছিল ২০ হাজার টাকা এবং বেতনের ঊর্ধ্বসীমা ছিল ৫২ হাজার টাকা। ফলে এ বছর অগ্রিমের পরিমাণ বেড়েছে ২ হাজার টাকা।

অবসরপ্রাপ্তদের জন্য উৎসব ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে যাঁরা অবসর নিয়েছেন বা অবসর নেবেন, তাঁরাও উৎসব ভাতার আওতায় থাকবেন।
যাঁদের মাসিক পেনশন ৪০ হাজার টাকার কম, তাঁরা পাবেন ৩,৮০০ টাকা। গত বছর এই ভাতা ছিল ৩,৫০০ টাকা—অর্থাৎ ৩০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে পেনশনের ঊর্ধ্বসীমাও ৩৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

মূলত রাজ্য সরকারি কর্মী, রাজ্য সরকারের অধীনস্থ সংস্থার কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, পারিবারিক পেনশনভোগী, অতিরিক্ত পেনশনভোগীরা এই সুবিধা পাবেন। এছাড়াও, সরকার-নিয়ন্ত্রিত সংস্থায় কর্মরত যাঁদের মাসিক বেতন ১০ হাজার টাকা বা তার কম, তাঁরা পাবেন ৩,৫০০ টাকা বোনাস।

উৎসবের মরশুমে এই আর্থিক সহায়তা সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর।