প্রত্যাবর্তনেই পরিবর্তনের ম্যাজিক দেখালেন খালেদা জিয়াপুত্র তারেক রহমান(Tarique Rahman)। ১৭ বছর পর দেশে ফিরেই সাধারণ নির্বাচনে অংশ গ্রহন। ার তাতেই জামাতকে হারিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তারকের নেতৃত্বাধীন বিএনপি (BNP)। দীর্ঘ সময়ের পর বাংলাদেশের মসনদে পুরুষ প্রধানমন্ত্রী বসতে চলেছেন। সরকার গড়ার পথে তাঁর দল বিএনপি (BNP)। বাংলাদেশ নির্বাচনে (Bangladesh Election 2026) বিএনপি বড়সড় জয়ের পথে হাঁটতেই দলের সভাপতি ‘তারেক ভাই’কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে তিনি শুভেচ্ছাবার্তা পোস্ট করে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের বার্তাও দিয়েছেন তিনি।
এদিন বিএনপি চেয়ারপার্সনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশের মানুষকে আগাম রমজান মোবারক জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়া পেজে তিনি লেখেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’

প্রসঙ্গত, শুক্রবার সকালেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল স্পষ্ট হয়েছে। তিনশো আসনের মধ্যে ২৯৯ টি আসনে ভোট হয়েছে এবং দুশোর বেশি আসন পেয়ে সরকার গড়ার রাস্তা নিশ্চিত করেছে বিএনপি। দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জিতেছেন তারেক রহমান। এদিন ভোটের ফলাফলে দেখা যায়, জামাত পরাজিত হয়েছে। ছাত্র সমাজের প্রতিও আস্থা রাখেননি সে দেশের নাগরিকরা। মহিলাদের একটা বড় অংশ সমর্থন করেছে বিএনপিকে। যদিও বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে জামাত-ই-ইসলামির ফলাফলও যথেষ্ট ভালো। দেশের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে জামাত।
২০২৪ সালে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকেই আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা দিল্লিতে ‘রাজনৈতিক আশ্রয়ে’ রয়েছেন। বারবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাঁকে প্রত্যর্পণের দাবি করলেও এ বিষয়ে নয়াদিল্লি একেবারে নিশ্চুপ। এমনকী বাংলাদেশে নির্বাচনী আবহেও দিল্লি থেকে নানা রাজনৈতিক বার্তা দিয়েছেন হাসিনা। এরই মাঝে অনেকেই মনে করছেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল থেকেই বাংলাদেশে জয়ের পথ মসৃণ করার রাস্তা খুঁজে পেয়েছেন তারেক। নির্বাচনী ইস্তেহারে ‘ফ্যামিলি কার্ডে’র আশ্বাস দিয়েছিল তাঁর দল।





