Header AD

মানামা–হায়দরাবাদ গাল্ফ এয়ারের উড়ানে জঙ্গিহানার আতঙ্ক, নিরাপদে নামল বিমান

মানামা থেকে হায়দরাবাদগামী গাল্ফ এয়ারের একটি উড়ানকে ঘিরে আতঙ্ক ছড়াল। বাহরিনের রাজধানীর বিমানবন্দর থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানসংস্থার কাছে একটি হুমকি ইমেল পৌঁছয়। ইমেলে দাবি করা হয়, যাত্রী সেজে জঙ্গি সংগঠনের একাধিক সদস্য বিমানে রয়েছে এবং যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটাতে পারে। হুমকি পাওয়ার পরপরই সতর্কতা জারি করা হয়। তবে সব ব্যবস্থা মেনেই উড়ানটি হায়দরাবাদ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। অবতরণের সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে বিমানটি খালি করে তল্লাশি শুরু হয়। শেষ পাওয়া খবরে কোনও বিস্ফোরক মেলেনি বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গাল্ফ এয়ারের জিএফ-২৭৪ (মানামা–হায়দরাবাদ) উড়ানটি সকাল সাড়ে দশটার দিকে হুমকি ইমেলটি পায়। একটি অজ্ঞাত ইমেল আইডি থেকে একসঙ্গে একাধিক বিমানবন্দরের ঠিকানায় বার্তাটি পাঠানো হয়। সেখানে লেখা ছিল, “পবিত্র জেহাদ: বাহরিনের এই বিমানটি হায়দরাবাদে পৌঁছনোর পর বিস্ফোরণ ঘটবে।” প্রেরক নিজেকে ‘তামিল লিবারেশন অর্গানাইজেশন’-এর প্রতিনিধি বলে দাবি করেছে।

ইমেল পাওয়ার পরই হায়দরাবাদ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। সিআইএসএফ বিমানবন্দর চত্বর ও আশপাশে নজরদারি বাড়ায়, পৌঁছয় বোমা নিষ্ক্রিয়করণ দল। ব্যাপক তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ইমেলের উৎস ও প্রেরকের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা।