দুর্নীতি, তোলাবাজি এবং সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগে একের পর এক তৃণমূল নেতার গ্রেপ্তারি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। সামাজিক মাধ্যমে করা এক পোস্টে তিনি কোনও ব্যক্তির নাম না নিলেও স্পষ্টভাবে গ্রেপ্তার হওয়া কয়েকজন নেতাকে নিশানা করেছেন বলে রাজনৈতিক মহলের ধারণা।
সম্প্রতি প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা (Shaukat Molla)-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে দেবাংশু লেখেন, কিছু ‘চোর, ডাকাত ও তোলাবাজ’ গ্রেপ্তার হওয়ায় তিনি অত্যন্ত খুশি। তাঁর দাবি, এদের মধ্যে অনেকেই নিজেদের এলাকাকে ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করতেন এবং প্রশাসনের উপর প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করতেন।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, কিছু নেতা সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করে নিজেদের রাজনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং নিজেদের ‘ছোট মুখ্যমন্ত্রী’ বলে ভাবতে শুরু করেছিলেন। তাঁর মতে, এই ধরনের নেতাদের জন্যই জেলার পর জেলা তৃণমূলের সাংগঠনিক ক্ষতি হয়েছে এবং নির্বাচনে দলের ভরাডুবির পিছনেও তাঁদের বড় ভূমিকা রয়েছে।
দেবাংশু স্পষ্ট জানিয়ে দেন, যাঁরা সৎভাবে রাজনীতি করেছেন, তাঁদের এইসব বিতর্কিত নেতাদের দায় কাঁধে নেওয়ার কোনও প্রয়োজন নেই। তিনি দলের কাছে অভ্যন্তরীণ তদন্তের দাবি জানিয়ে বলেন, অভিযোগ প্রমাণিত হলে এমন নেতাদের স্থায়ীভাবে দল থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত।
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, দেবাংশুর এই মন্তব্য শুধুমাত্র দলের ভেতরের ক্ষোভ প্রকাশ নয়; ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান নিয়েও তিনি বার্তা দিতে চাইছেন। কেউ কেউ মনে করছেন, এই ধরনের বক্তব্যের মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক অবস্থানকে আলাদা করে তুলে ধরার চেষ্টা করছেন।





