দুর্গাপুজোর প্রিভিউ শো-র নাম করে প্রতারণার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে তদন্তের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, আগামী ৪ জুলাইয়ের মধ্যে রাজ্যকে এই মামলার তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। এমনকী, কত টাকা আদায় হয়েছে তাও জানাতে হবে রাজ্যকে। ওইদিনই মামলার পরবর্তী শুনানি।
অভিযোগ, ইউনেস্কোর নাম ভাঙিয়ে চড়া দামে দুর্গাপুজোর টিকিট বিক্রি করতেন প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্ত্রী । বেআইনিভাবে প্রি-পুজোর টিকিট বিক্রি করত মন্ত্রীর স্ত্রীয়ের সংস্থা ‘মার্স আর্ট’ বলেও দাবি। এরপর ইন্দ্রনীল ও মধুছন্দার বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন আন্তর্জাতিক পর্যটন সংস্থার পরামর্শদাতা জয়দীপ মুখোপাধ্যায়। সেই মামলাতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন স্বস্ত্রীক ইন্দ্রনীল। এদিন মামলার শুনানিতে বিচারপতি সেনগুপ্তের প্রশ্ন, ‘কত টাকা সংগ্রহ হয়েছে?’ উত্তর আসে, ‘আমরা তদন্ত করছি সেটা।’ অভিযোগকারীর আইনজীবী জিষ্ণু সাহা বলেন, ‘দু’বছর ধরে মাস আর্ট ৪ হাজার টাকা নেয় পাস দেওয়ার জন্য। অনুমতি ছাড়াই এই সংগঠন লোগো ব্যবহার করেছে। অথচ ইউনেস্কোর নিষেধ ছিল বানিজ্যিক কারণে লোগো ব্যবহার হবে না।’
তার পাল্টা উত্তরে ইন্দ্রনীল সেন ও মধুছন্দার আইনজীবীর সওয়াল, ‘ইউনেস্কো কখনও কোনও অভিযোগ করেনি। প্রিভিউ শো-তেই শুধু ইউনেস্কো থাকত। টাকা নেওয়া হলেও টিকিটে কখনও ইউনেস্কোর লোগো ব্যবহার হয়নি।’





