Header AD
Trending

মেট্রোর ব্লু লাইনে স্বস্তির আশা! শহিদ ক্ষুদিরামে নতুন ক্রসওভার, কমবে যাত্রী ভোগান্তি

metro service disruption


ব্লু লাইনের যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে বড় পদক্ষেপ নিল মেট্রো রেল। শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে তৈরি হয়েছে নতুন ‘ক্রসওভার’, যার ফলে ট্রেন ঘোরানো এখন আরও দ্রুত হবে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই ব্যবস্থায় দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রার সময় অকারণ অপেক্ষা ও দেরি কমবে।

এতদিন দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জের দিকে আসা বহু রেক টালিগঞ্জেই যাত্রা শেষ করত। প্রায়শই ঘোষণা হতো, সংশ্লিষ্ট রেক শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাবে না। ফলে টালিগঞ্জ স্টেশনে নেমে পড়তে হতো যাত্রীদের। তৈরি হতো বিরক্তি ও ক্ষোভ। আবার শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জের দিকে রেক আসতে দেরি হওয়ায় দক্ষিণেশ্বরমুখী যাত্রীরাও সমস্যায় পড়তেন। টালিগঞ্জ স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার ঘটনাও ছিল নিত্যদিনের অভিযোগ।

এই সমস্যার মূল কারণ ছিল কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকা। গত বছরের মাঝামাঝি ওই স্টেশনের একাধিক পিলারে ফাটল ও মাটি বসে যাওয়ার খবর সামনে আসার পর স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। নতুন করে স্টেশন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলেও, ততদিন ব্লু লাইনে পরিষেবা সীমিত হয়ে পড়ে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। এর জেরে ট্রেন ঘোরানো ও সিগন্যালিংয়ে জটিলতা তৈরি হয়েছিল।

সমাধান হিসেবে শহিদ ক্ষুদিরাম স্টেশনে ক্রসওভার তৈরির কাজ শুরু করে মেট্রো রেল। এই ব্যবস্থায় একটি লাইনের ট্রেন সহজেই অন্য লাইনে চলে যেতে পারে। সূত্রের খবর, ক্রসওভারের কাজ প্রায় সম্পূর্ণ, পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থাতেও প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে। এর ফলে কবি সুভাষে না গিয়ে, তার আগেই শহিদ ক্ষুদিরাম সংলগ্ন অংশে ট্রেন ঘোরানো সম্ভব হচ্ছে।

রেল সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে পরীক্ষামূলকভাবে এই নতুন ব্যবস্থায় ট্রেন ঘোরানো হচ্ছে। সিগন্যাল বা পয়েন্ট সংক্রান্ত তেমন কোনও সমস্যা এখনও ধরা পড়েনি। ধাপে ধাপে পুরো প্রক্রিয়া আরও মসৃণ করা হবে। কর্তৃপক্ষের আশা, খুব শীঘ্রই ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরবে এবং যাত্রীদের দৈনন্দিন ভোগান্তি অনেকটাই কমবে।