Header AD

বিহারের নালন্দায় শীতলা মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা! পদপিষ্ট হয়ে মৃত ৮, আহত ১২

bihar stampede incident

মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা (Bihar Mandir Stampede)। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৮ জনের। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বিহারের নালন্দা জেলায়। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। জানা গিয়েছে, স্থানীয় একটি শীতলা মন্দিরে পুজো দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। মৃত ও আহতদের সকলেই মহিলা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, প্রতি মঙ্গলবার ওই মন্দিরে বিপুল সংখ্যক পুণ্যার্থী ভিড় করেন। এদিন চৈত্র মাসের শেষ মঙ্গলবার হওয়ায় ভিড় ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। অতিরিক্ত ভিড়ের জেরে আচমকাই এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন পুজো দিতে আসা মহিলারা। সেই সময় সরু গলি দিয়ে হুড়োহুড়ি করে বেরোনোর চেষ্টা করতে গিয়ে অনেকেই পড়ে যান। ভিড়ের চাপে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। গুরুতর আহত হয়েছেন অন্তত ১২ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ ও প্রশাসন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিপুল সংখ্যক মানুষের সমাগম হলেও মন্দির চত্বরে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল না। অথচ প্রশাসনের কাছে আগে থেকেই জানা ছিল যে মঙ্গলবার অন্যান্য দিনের তুলনায় এখানে অনেক বেশি ভিড় হতে পারে। সেখানে যে অল্পসংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন ছিলেন, তাঁদের পক্ষে এত বড় ভিড় নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব হয়ে ওঠে। আর সেই নিরাপত্তার ঘাটতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মন্দিরে পুণ্যার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গত বছর অন্ধ্রপ্রদেশে শ্রীভেঙ্কেটেশ্বর স্বামী মন্দিরে একই ধরনের পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছিল ৯ জনের, যাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা ও শিশু। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে মাঝে মাঝে মন্দিরে ভিড়ের জেরে এ ধরনের দুর্ঘটনার খবর বহুবার  সামনে এসেছে।