Header AD
Trending

কাশ্মীরের ডোডায় ভয়াবহ সেনা-গাড়ি দুর্ঘটনা! গভীর খাদে পড়ে মৃত্যু ১০ জওয়ানের, আহত বহু

চাকা পিছলে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় সেনার একটি গাড়ি। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এই দুর্ঘটনায় অন্তত ১০ জন জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও প্রায় ১০ জন সেনা সদস্য। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। সূত্রের খবর, একটি অভিযানের উদ্দেশে সেনার ওই গাড়িটি রওনা দিয়েছিল। গাড়িটিতে ২০ জনেরও বেশি জওয়ান ছিলেন। ভাদেরওয়াহ-চাম্বা রোডের খান্নি টপ এলাকায় পৌঁছনোর সময় আচমকা গাড়ির চাকা পিছলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় সেনাবাহিনীর ওই গাড়ি।

বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থলেই ১০ জন জওয়ানের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। আহত সেনাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাঁরা বর্তমানে চিকিৎসাধীন।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, “ডোডায় পথ দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহত জওয়ানরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।”

শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, “ডোডার দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। ১০ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।”