রবিবার ভোরে চলন্ত রাজধানী এক্সপ্রেসে (Rajdhani Express) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী ট্রেনটির একটি কোচে আচমকা আগুন লেগে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে রেলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
রেল সূত্রে খবর, শনিবার নির্ধারিত সময়েই তিরুবনন্তপুরম থেকে যাত্রা শুরু করে রাজধানী এক্সপ্রেস। রবিবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ মধ্যপ্রদেশের লুনি রিছা ও বিক্রমগড় আলোট স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনের বি-১ কোচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কোচে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
আগুন দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হুড়োহুড়ির মাঝে কয়েকজন চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টাও করেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি বুঝে দ্রুত লোকো পাইলটকে সতর্ক করেন ট্রেনের গার্ড। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে শুরু হয় উদ্ধার অভিযান।
জানা গিয়েছে, বি-১ কোচে মোট ৬৮ জন যাত্রী ছিলেন। তাঁদের সবাইকে দ্রুত নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ট্রেনের দুটি কোচ সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে খবর।
ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও। ঠিক কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই অগ্নিকাণ্ডের জেরে কিছু সময়ের জন্য ওই রুটে রেল চলাচলও ব্যাহত হয়।





