Header AD

হিমাচলে ভয়াবহ পথ দুর্ঘটনা, ভূমিধসে চাপা পড়ে মৃত ১৮ বাসযাত্রী

হিমাচলে ভয়ংকর দুর্ঘটনা। বিলাসপুরে আচমকা ভূমিধসে চাপা পড়ল একটি বাস। এই ঘটনায় কমপক্ষে ১৮ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। মাটি-পাথরের নিচে আরও বাসযাত্রীর আটকে থাকার আশঙ্কা রয়েছে। চলছে উদ্ধারকাজ।মঙ্গলবার বিলাসপুর জেলার বাল্লু সেতুর কাছে আচমকা পাহাড়ের একাংশ ভেঙে পড়ে। চোখের নিমেষে রাস্তায় উপর মাটি-পাথরের চাঁই এসে পড়ে। সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল একটি বেসরকারি বাস। ওই বাসটি মাটি ও পাথরের চাঁইয়ের নিচে চাপা পড়ে যায়। ঘটনায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। জীবিত যাত্রীদের উদ্ধারে জারি রয়েছে উদ্ধারকাজ। সংবাদমাধ্যমকে বিলাসপুরের ডেপুটি কমিশনার রাহুল কুমার জানিয়েছেন, দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। তিন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। অনুমান করা হচ্ছে, বেসরকারি বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।