নিস্তব্ধ গভীর রাত, ফাঁকা রাস্তা। তার মাঝেই শোনা যাচ্ছে শিশুর কান্নার মতো অস্বাভাবিক আওয়াজ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে আড়িয়াদহ এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক তরুণী রাতের রাস্তায় হাঁটতে হাঁটতে আচমকা পড়ে যাচ্ছেন এবং বাচ্চাদের গলার মতো অদ্ভুত শব্দ করছেন। ভিডিওগুলির সত্যতা যদিও এখনও যাচাই হয়নি।
স্থানীয়দের দাবি, আড়িয়াদহ মাঠ থেকে বিন্দবাসিনীতলা পর্যন্ত মাঝেমধ্যেই কান্নার আওয়াজ ভেসে আসছে। আবার কেউ কেউ বলছেন, নওদাপাড়া শিশুতীর্থ স্কুল, শখেরবাজার মোড় কিংবা ঘোষাল রোড এলাকাতেও এমন শব্দ শোনা গিয়েছে। এসব দাবি ঘিরে এলাকায় কৌতূহল ও ভয়—দুটোই বেড়েছে।
ভাইরাল ভিডিও নিয়ে মতভেদ স্পষ্ট। একদল একে নিছক গুজব বলছেন, অন্যদিকে অনেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই প্রসঙ্গে আড়িয়াদহের কাউন্সিলর ও তৃণমূল নেতা দীপাংশু ঘোষাল জানান, তাঁর কাছে একটা খবর এসেছে যে ওই তরুণী স্নায়বিক সমস্যায় ভুগছিলেন। মাঝরাতে হঠাৎ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন এবং অস্বাভাবিক আচরণ করেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। কাউন্সিলরের মতে, ঘটনাটিকে ‘ভূত’-এর সঙ্গে জুড়ে গুজব ছড়ানো হচ্ছে, যা ভিত্তিহীন। তিনি সবাইকে বিজ্ঞানমনস্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনে পুলিশে জানানোর পরামর্শ দেন।
এদিকে ভাইরাল ফুটেজ নজরে এসেছে দক্ষিণেশ্বর থানার পুলিশেরও। তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা না পড়ায় ভিডিওগুলির সত্যতা যাচাই শুরু হয়নি। সব মিলিয়ে, রহস্য আর গুজবের ভিড়ে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। সত্য উদঘাটনের অপেক্ষায় এলাকা।





