লিওনেল মেসিকে (Lionel Messi) একবার চোখের দেখা দেখতে না পেয়ে শনিবার সকালে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে যুবভারতী ক্রীড়াঙ্গন। মাঠের মধ্যে তাণ্ডব চালায় দর্শকরা। এই লজ্জাজনক ঘটনার নিন্দা করে আয়োজকদের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেসির কাছে ক্ষমা চেয়েছেন । এমনকি দর্শকদের কাছেও ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী। ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার সকালে যুবভারতীর ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, ‘সল্টলেক স্টেডিয়ামে আজ যে অব্যবস্থা দেখা গেল, তাতে আমি স্তম্ভিত, মর্মাহত। আমি স্টেডিয়ামে যাচ্ছিলাম, অজস্র ক্রীড়াপ্রেমীদের মতোই প্রিয় ফুটবলার মেসিকে দেখতে। এই দুঃখজনক ঘটনার জন্য আমি মেসি এবং সমস্ত ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমাপ্রার্থী।’
এরপরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত হবে। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে এই ঘটনার তদন্ত কমিটি গঠন করা হবে। থাকবেন মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিবরাও। গোটা ঘটনায় বিশদ তদন্ত করবে এই কমিটি। ঘটনার দায় কার, আগামী দিনে এহেন কাণ্ড আটকাতে কী পদক্ষেপ করা যেতে পারে-সমস্তই খতিয়ে দেখবে এই কমিটি।

প্রসঙ্গত, শনিবার নির্ধারিত সময়েই সল্টলেক স্টেডিয়ামে পৌঁছে যান মেসি। মাঠে ঢোকেন লুইস সুয়ারেজ এবং রডরিগো ডি’পলকে সঙ্গে নিয়ে। কিন্তু আয়োজক-সহ অন্যান্যদের ভিড়ে কার্যত ঢাকা পড়ে যান মেসি।দর্শকদের দেখে তিনি হাসিমুখে হাত নাড়ছিলেন। কিন্তু গ্যালারিতে দূরে বসে থাকা দর্শকরা সেটা দেখতেই পাননি। মেসির আশেপাশে অন্তত ৫০জনের ভিড় ছিল। তাই মেসিকে দেখার স্বপ্ন অধরাই থেকে যায় বহু দর্শকের।
চড়া দামে টিকিট কেটে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও যখন ভিআইপিদের ভিড়ে মেসিকে একঝলক দেখা যায়নি, তখনই গ্যালারির পারদ চড়তে থাকে। সম্ভবত দর্শকদের ক্ষোভ আঁচ করতে পেরেই নির্ধারিত সময়ের আগেই মাঠ থেকে মেসিকে বের করে নেন আয়োজকরা। এরপরই দর্শকদের ধৈর্য্যের বাঁধ ভাঙে। মাঠে বোতল ছুঁড়তে থাকেন, গ্যালারিতে থাকা মেসির ছবি দেওয়া ব্যানার ছিড়ে ফেলেন। এখানেই শেষ নয়। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন উন্মত্ত জনতা। গ্যালারির সিট ভেঙে ছুঁড়ে ফেলতে থাকেন মাঠের ভিতরে। এমনকি মাঠের ভিতরে ঢুকে হাতের কাছে যা পেয়েছেন তাই দিয়ে ভাঙচুর চালিয়েছেন মেসিভক্তরা। ভেঙে দেওয়া হয় প্লেয়ারদের টানেল, ক্যানোপি। রণক্ষেত্র হয়ে ওঠা যুবভারতী ছেড়ে দ্রুত বেরিয়ে যান মেসি। স্টেডিয়াম থেকেই তিনি রওনা দেন বিমানবন্দরের দিকে। এদিন মেসির সঙ্গে এক মঞ্চে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁকেও বাধ্য হয়ে যুবভারতী যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হয়। এরপরই নিজের এক্স হ্যান্ডেলে গোটা ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।





