Header AD

‘আমিই আপনার প্রার্থী সব জায়গায়, আমরাই ক্ষমতায় আসছি’, মানবাজার থেকে বার্তা মমতার

cm manbazar

“ভুলে যান কে আপনার প্রার্থী (TMC candidate)। মনে রাখবেন আমিই আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জোড়া ফুল মানে তৃণমূল। আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। বিজেপির চক্রান্ত সব হবে ব্যর্থ।২০১৬-র পর ফের ২০২৬। তৃণমূল নেত্রীর মুখে শোনা গেল সেই একই হুঙ্কার। রবিবার পুরুলিয়ার মানবাজারের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি দাবি করলেন, বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) পরে তৃণমূলেরই চতুর্থবার সরকার গঠন করবে।পুরুলিয়ায় (Purulia) উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কার্যত যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তৃণমূল নেত্রী। স্পষ্ট করে দিলেন, তৃণমূল বিশ্বাসঘাতকতা করে না।একই সঙ্গে এদিনের সভা থেকে SIR ও সাপ্লিমেন্টরি তালিকা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও কমিশনকে একযোগে আক্রমণ করেন।

সভা থেকে এসআইআর-এ নাম বাদ যাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, বসিরহাট বর্ধমান সহ একাধিক জায়গা থেকে বুথে বুথে হাজার হাজার নাম বাদ দিয়েছে। যান গিয়ে দেখে আসুন।” এরপরই তিনি ট্রাইব্যুনাল নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “সব ট্র‍্যাইব্যুনাল করেছে কলকাতায়। জেলার মানুষ তাহলে কি করবে? আমরা বিনা পয়সায় আইনজীবী দেব। সেই আইনজীবীরা মানুষের হয়ে লড়াই করবে।”

নির্বাচনী প্রচারে বেরিয়ে জঙ্গলমহলে ফের একবার বাম আমলের অত্যাচারের প্রসঙ্গ তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো। তিনি মনে করিয়ে দেন, “আগে আমি আসতাম পুরুলিয়ায়। বিকালের পরে কোনও মানুষ বেরোতে পারত না। জঙ্গলমহল ছিল আতঙ্কে ভরা। কখন আসবে বন্দুক হাতে কিছু লোক। আর রক্ত ঝরিয়ে চলে যাবে। মানুষের মনে ছিল অশান্তি।”সেখান থেকে তৃণমূল সরকারের সময়ে যেভাবে ধীরে ধীরে আলোর পথে এসেছে গোটা এলাকা, মমতার মুখে সেই কথা। তিনি বলেন “আমাদের সরকার আসার পরে শান্তি ফিরে এসেছে। অনেককে আমরা মূলস্রোতে ফিরিয়ে এনেছি।” পাশাপাশি তাঁর সতর্কবার্তা, “আর যেন জঙ্গলমহলে অশান্তি ফিরে না আসে। ভোটের আগে টাকা দিলে নিয়ে নেবেন, ভোট দেবেন না।”

কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “দিল্লির বিজেপি সরকার মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলে না। আমরা সবাইকে সাহায্য করি। আমরা মানুষে মানুষে ভেদাভেদ করিনা। আমরা মানবিক।বিজেপিকে দেশ থেকে না তাড়ালে শান্তি কেড়ে নেবে। বাংলা জয় করে সব দলকে একজোট করব। এরা বাংলা বিরোধী তাই সবার নাম কাটছে। বাংলা জয় করে আমরা আগামীদিনে দিল্লি জয় করব।” একইসঙ্গে জনগণের কাছে তাঁর আবেদন,”কে প্রার্থী দেখতে হবে না। আমিই প্রার্থী। আমার উপর ভরসা রেখে ভোটটা দেবেন।”