Header AD

‘ডিভাইড অ্যান্ড রুল চাই না’! এসআইআর শুরুর পরদিন মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে সরব মুখ্যমন্ত্রী

দেশের সমস্ত ‘প্রকৃত’ ভোটার ভাল থাকুক। ‘ডিভাইড অ্যান্ড রুল চাই না।” বুধবার পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। গণতন্ত্র এবং অধিকারের কথা উঠে এল তাঁর বক্তব্যে।মঙ্গলবার থেকে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শুরু হয়েছে। তার পরের দিন ভোটারদের গণতান্ত্রিক অধিকার নিয়ে মুখ খুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনের মঞ্চ থেকে তিনি বলেন, “আমরা সব উৎসবই পালন করি। ধর্ম যার যার, উৎসব সবার। আমি আর কিছু চাই না। আমাদের দেশ ভাল থাক। বাংলা ভাল থাক। মানুষ ভাল থাক। আমি ডিভাইড অ্যান্ড রুল চাই না।” এর পরেই ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “গণতন্ত্রের পিলারকে মজবুত রাখতে হবে। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার যেন সুরক্ষিত থাকে। সকলে যেন নিজ নিজ অধিকার প্রয়োগ করতে পারেন।”

মুখ্যমন্ত্রীর আরও বলেন, “সকলকে একজোট হয়ে থাকতে হবে। তবেই শক্ত করা যাবে মুঠি।” তিনি বলেন, “মানবিকতা, মনুষ্যত্ব সবচেয়ে বড় ধর্ম। পাঁচটা আঙুল একসঙ্গে আছে বলেই আমাদের মুঠি শক্ত হচ্ছে। সাদা-কালো, ভাল-খারাপ, ছোট-বড় তো সর্বত্র থাকে। বজ্রমুষ্ঠি আলাদা করা চলবে না। রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ, স্বয়ং শ্রীকৃষ্ণও এ কথা বলেছেন।”

উল্লেখ্য, নির্বাচন কমিশন সোমবার SIR ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতি সরগরম। পানিহাটিতে ‘এনআরসি আতঙ্কে’ আত্মহত্যা করেছেন এক প্রৌঢ়। এই পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচণ কমিশনার জ্ঞানেশ কুমার ও কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছেন। সেই আবহে এবার মুখ্যমন্ত্রীর মুখেও ভোটারদের গণতান্ত্রিক অধিকারের কথা শোনা গেল।