ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মরশুম। বাঙালির প্রেমদিবস সরস্বতী পুজো হোক বা ইংরেজি মতে ভ্যালেন্টাইন্স ডে- ফাগুয়ার রঙ যেন মর্মে লাগে। শনিবার ভ্যালেন্টাইন্স ডে- প্রেমের সপ্তাহে আজ মহাষ্টমী বলা চলে। শহর থেকে গ্রাম, দেশ থাকে বিদেশ – সর্বত্রই চলছে ভালোবাসা উদযাপনের পালা। সেই উৎসবের আমেজে এবার রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের সোশ্যাল মিডিয়ায় কবিতা লিখে প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। নিত্যদিনের রাজনৈতিক লড়াই ছেড়ে আজ সোশ্যাল মিডিয়ায় যেন এক অচেনা ‘দিদি’র দেখা মিলল।
আসন্ন বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে ঘিরে রাজ্য রাজনীতি কার্যত উত্তপ্ত। SIRএর নামে প্রতিদিনই মানুষের প্রাণহানির খবর আসছে। আবার ভিনরাজ্যে বাঙালি হেনস্তাও উদ্বগের কারন হয়ে দাঁড়িয়েছে। এই অস্থির সময়ে দাঁড়িয়ে ভালোবাসার জয়গান গেয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জাতি- ধর্ম-বর্ণ নির্বিশেষে ভালোবেসে এক সূত্রে গ্রথিত হওয়ার আহ্বান জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি রবীন্দ্র সঙ্গীতের লাইন উদ্ধৃত করে লিখেছেন, “তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার/ জনমে জনমে যুগে যুগে অনিবার।” তিনি আরও লিখেছেন, ‘সকলের ভালোবাসাই আমাকে মানুষের সেবায় নিয়োজিত করেছে। মানুষের অধিকার রক্ষায় লড়াই করতে উদ্বুদ্ধ করেছে। কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে শিখিয়েছে।’ পাশাপাশি সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন ‘ভালোবাসা দীর্ঘজীবী হোক!’

রাজনৈতিক চাপানউতোর সরিয়ে ভালোবাসার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী তাঁর মানবিক সত্ত্বাকেই আরও একবার প্রকাশ করলেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।





