বাঁকুড়ার খাতরার মানুষের দীর্ঘদিনের দাবি এলাকাটিকে পুরসভা করার। সোমবার রানীবাঁধের সভা থেকে সেই দাবিকে মান্যতা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভা থেকে তাঁর প্রতিশ্রুতি, “এলাকার ৭ টি অঞ্চলে তৃনমূল সংখ্যাগরিষ্ঠ ভোট পেলে আগামী ৩ মাসের মধ্যে খাতড়াকে পুরসভা করে দেব।” পাশাপাশি এদিনের সভা থেকে রাণীবাঁধ এলাকায় দুটি হিমঘর নির্মাণের প্রতিশ্রুতিও দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক।
এদিনের সভা থেকে বিজেপিকে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, “রানীবাঁধে তৃনমূল জিতলে বাঁকুড়ার উন্নয়ন হবে। আর বিজেপি জিতলে গুজরাটের উন্নয়ন হবে।” ভোটের মুখে বিজেপি নেতারা টাকা ছড়িয়ে ভোটের জেতার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, “এখানে রাতের অন্ধকারে বিজেপি টাকা বিলি করছে। দিলে নিয়ে নেবেন। সেগুলো কারো বাপের বাড়ির টাকা নয়। এই টাকা বাঁকুড়ার মানুষের টাকা। পদ্ম ফুলের কাছে টাকা নেবেন আর জোড়া ফুলকে ভোট দেবেন।” একই সঙ্গে তাঁর সংযোজন , “মোদীর গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি। বছরে ২ কোটি চাকরী দেবে বলেছিল। হয়নি। বিজেপির বাঁকুড়ার সাংসদ কেন্দ্রের মন্ত্রী ছিলেন। কোনও কাজ করেনি। ওরা ধর্মের নামে রাজনীতি করে। আর আমরা কর্মের নামে রাজনীতি করি।” পাশাপাশি কেন্দ্রের প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতায় এদিন ফের সরব হন অভিষেক । বলেন, ” অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে সর্বাধিক ক্ষতিগ্রস্থ হবে তপশিলি জাতি ও আদিবাসীরা।” এরপরই বিজেপিকে বিঁধে তাঁর হুঁশিয়ারি,”যে যে ভাষা বোঝে তাকে সে ভাষাতেই জবাব দিতে হবে। যারা আমাদের লাইনে দাঁড় করিয়েছে। ভোটের দিন লাইনে দাঁড়িয়েই তার জবাব দিতে হবে।”
বাঁকুড়ার রানীবাঁধে তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদার জয়ের ব্যাপারে প্রত্যয়ী অভিষেক। তিনি বলেন “জেতার ৩ মাসের মধ্যে রানীবাঁধে দুটি বহুমূখী হিমঘর তৈরী করবে রাজ্যের সরকার।”




