Header AD
Trending

ছাঁটাই আইসিসি’র! টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ধাক্কা বাংলাদেশের, জায়গা পেল স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলা জল্পনার অবসান ঘটাল আইসিসি। আসন্ন বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের পরিবর্তে টুর্নামেন্টে সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড। শনিবার একটি আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটের সূত্রে এই খবর প্রকাশ্যে আসে।

জানা গিয়েছে, আইসিসি ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠির মাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে গ্রুপ-সি’তে রাখা হয়েছে। ওই গ্রুপে স্কটল্যান্ডের সঙ্গে খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইটালি। খুব শিগগিরই আইসিসি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করবে বলে খবর।

বিশ্বকাপ আয়োজন সংক্রান্ত বিষয়ে আইসিসি বিসিবিকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল। তবে বিসিবি নিজেদের অবস্থানেই অনড় থাকে। সমাধান হিসেবে তারা গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত জানিয়ে দেয়, তারা ভারতে এসে বিশ্বকাপ খেলবে না। এ বিষয়ে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, দেশের ক্রিকেটার, সমর্থক এবং সংবাদমাধ্যমকর্মীদের নিরাপত্তাই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিরাপত্তা ঝুঁকি থাকলে কোনও দেশেই দল পাঠানো হবে না—এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারের।

এরপর আর সময় নষ্ট না করে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয়। কারণ ৭ ফেব্রুয়ারি থেকেই বিশ্বকাপ শুরু হওয়ার কথা, ফলে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা আইসিসির পক্ষে সম্ভব ছিল না। বাংলাদেশের অনুপস্থিতিতে আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী বিকল্প হিসেবে স্কটল্যান্ডকেই সুযোগ দেওয়া হয়।

সম্ভাব্য সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে স্কটল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হতে পারে। ৯ ফেব্রুয়ারি তারা খেলবে ইটালির বিরুদ্ধে, ১৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ ইংল্যান্ড—এই ম্যাচগুলি হবে ইডেন গার্ডেন্সে। ১৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে নেপালের মুখোমুখি হবে স্কটিশ দল।