বৃহস্পতিবার সকাল ১১টায় দশম শ্রেণির আইসিএসই (ICSE-Council for the Indian School Certificate Examinations) এবং দ্বাদশ শ্রেণির আইএসসি (ISC) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর মোট ৩ লক্ষ ৬২ হাজার ৩৭ জন পরীক্ষার্থী এই দুই পরীক্ষায় অংশগ্রহণ করে।
আইসিএসই পরীক্ষায় ২,৯৫৭টি স্কুল থেকে মোট ২,৫৮,৭২১ জন এবং আইএসসি পরীক্ষায় ১,৫৫৩টি স্কুল থেকে ১,০৩,৩১৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ মে থেকে ৪ মে পর্যন্ত উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা যাবে। এছাড়া, যারা ফলাফলে সন্তুষ্ট নয়, তারা জুন-জুলাই মাসে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
ফলাফলের নিরিখে দেখা যাচ্ছে, দুই পরীক্ষাতেই পাশের হার ৯৯ শতাংশের ওপরে। দ্বাদশ শ্রেণীর আইএসসি (ISC)পরীক্ষায় মোট পাশের হার ৯৯.১৩ শতাংশ, যেখানে ছাত্রীরা ৯৯.৪৮ শতাংশ এবং ছাত্ররা ৯৮.৮১ শতাংশ হারে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে,দশম শ্রেণীর আইসিএসই (ICSE) পরীক্ষায় মোট পাশের হার ৯৯.১৮ শতাংশ—এর মধ্যে ছাত্রীরা ৯৯.৪৬ শতাংশ এবং ছাত্ররা ৯৮.৯৩ শতাংশ হারে পাশ করেছে। অর্থাৎ, উভয় ক্ষেত্রেই ছাত্রীরা এগিয়ে রয়েছে।
পরীক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী, আইএসসিতে ৫৪,১১৮ জন ছাত্র (৫২.৩৮%) এবং ৪৯,১৯৮ জন ছাত্রী (৪৭.৬২%) পরীক্ষা দেয়। আইসিএসইতে অংশ নেয় ১,৩৭,৫০৩ জন ছাত্র (৫৩.১৫%) এবং ১,২১,২১৮ জন ছাত্রী (৪৬.৮৫%)।
অঞ্চলভিত্তিক ফলাফলেও উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। আইএসসি পরীক্ষায় দক্ষিণাঞ্চলের রাজ্যগুলি সর্বোচ্চ পাশের হার (৯৯.৮৭%), এরপর রয়েছে পশ্চিমাঞ্চল (৯৯.৫৫%)। অন্যদিকে, আইসিএসই পরীক্ষায় পশ্চিমাঞ্চল শীর্ষে (৯৯.৮৫%), এবং দক্ষিণাঞ্চল দ্বিতীয় স্থানে (৯৯.৮১%)।
বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরাও এবারের ফলাফলে নজর কেড়েছে। আইএসসিতে ৩০৫ জন লার্নিং ডিফিকাল্টি থাকা পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। এছাড়া, ২২ জন দৃষ্টিহীন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন ৯০ শতাংশের বেশি নম্বর অর্জন করেছে। আইসিএসই পরীক্ষায় ১,৩১৩ জন লার্নিং ডিফিকাল্টি থাকা পরীক্ষার্থীর মধ্যে ১৩২ জন এবং ৫৪ জন দৃষ্টিহীন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে।
সার্বিকভাবে, এবারের ফলাফল শুধু উচ্চ পাশের হারই নয়, বরং বিভিন্ন শ্রেণীর পরীক্ষার্থীদের সাফল্যের এক ইতিবাচক চিত্র তুলে ধরেছে।





