Header AD
Trending

‘ভোটের আগে ইডি-সিবিআই যদি খারাপ হয়, তবে অনির্বাণকে ব্যান করাও অন্যায়’, দাবি দেবের

‘অনির্বাণের হয়ে আমি ক্ষমাপ্রার্থী’, শুক্রবার স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya) কাজে ফেরানোর আর্জি জানালেন অভিনেতা সাংসদ দেব (Dev)। সাংবাদিকদের সামনে হাতজোড় করে বলেন “আমি অনুরোধ করব, যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, তা হলে আমি তাঁর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন। ছেলেটাকে শান্তিতে বাঁচতে দিন। ওকে কাজ করতে দিন। এমন একজন অভিনেতা, যার বাংলায় দরকার। এবং বাংলায় এখনও ওঁর অনেক অবদান বাকি আছে। আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee), যাঁরা বাংলাকে এতদিন ধরে আগলে রেখেছেন। এবং অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসকে যে প্লিজ এটা দেখুন।” প্রসঙ্গত এদিন স্ক্রিনিং কমিটির সঙ্গে দেবের বৈঠক ছিল। বৈঠক শেষে সাংবাদিকদের দেব জানিয়েছেন, “এটুকু বলতে পারি, বাংলা ছবির উন্নতির জন্য আমরা একজোট হয়ে আর কী কী করতে পারি, সে সব আজকের আলোচনায় ছিল।”

উল্লেখ্য গত বছর থেকেই ফেডারেশনের সঙ্গে একাধিক বিষয়ে অভিনেতা- পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের সংঘাত বাঁধে। সেই দ্বন্দ্ব এখনও মেটেনি। সেই কারণেই তাঁকে টালিগঞ্জে কাজ না-করতে দেওয়ার বিষয়ে ‘অলিখিত নিষেধাজ্ঞা’ রয়েছে। এবার সেই নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে প্রকাশ্যে আবেদন জানালেন দেব। এমনকি মুখ্যমন্ত্রী, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়,মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের হস্তক্ষেপ দাবি করলেন বিষয়টিতে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেতা সাংসদ দেব দাবি করলেন , ভোটের আগে রাজ্যে ইডি-সিবিআই হানা যদি খারাপ হয়, তাহলে অনির্বাণকে ব্যান করাও অন্যায়। ওটা অন্যায় হলে এটাও অন্যায়।” এরপরই তিনি বলেন, দেশুর আগামী ছবিতে অনির্বাণ অভিনয় করবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। কিন্তু বিনোদন দুনিয়ার অধিকাংশ মানুষ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। কাজ করতে না দিলে প্রত্যেকের বিপদ। তাই একা অনির্বাণ নয়, অন্যদেরও কাজ করতে দেওয়া উচিত।

এদিকে, কোন ছবি কবে মুক্তি পাবে, তা নিয়ে গত মাসখানেক ধরেই সংঘাতের চোরাস্রোত বইছে টলিপাড়ায়। স্ক্রিনিং কমিটির মত, সবাই সমান সুযোগ পাক। বাংলা ছবি মুক্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেসব নিয়েই শুক্রবার একটি বৈঠক হয় ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোশিয়েশনের (ইম্পা) কলকাতা দপ্তরে। বৈঠক শেষে দেব বলেন, “বাংলা ছবির ক্যালেন্ডার হবে কি না, স্ক্রিনিং কমিটি সিদ্ধান্ত নেবে। দেবের ক্যালেন্ডার দেব বলে দিয়েছে।” অর্থাৎ তিনি জানেন তাঁর ছবি কবে ছবি রিলিজ করবেন। উল্লেখ্য এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, দেব ছাড়াও রানা সরকার, নিশপাল সিং রানে, জয়দীপ মুখোপাধ্যায়, শতদীপ সাহা প্রমুখ।

এর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া পেজে দেব ঘোষণা করেন ‘দেশু’র আগামী ছবি মুক্তি পাবে ১৬ অক্টোবর, ২০২৬-এ। ছবি পরিচালনা করবেন খাদান খ্যাত সুজিত দত্ত। এরপর থেকেই টলি পাড়ায় জোর চর্চা শুরু হয়েছে- নিজের ছবির দিন ঘোষণা থেকে অনির্বাণের হয়ে ক্ষমা চাওয়া- স্ক্রিনিং কমিটির সঙ্গে সংঘাত কি আরও বাড়ল দেবের?