Header AD
Trending

আর জি কর ইস্যুতে পারলে ‘সত্যি বলুন সিবিআইকে’! বিদ্রোহী সাংসদদের চ্যালেঞ্জ কল্যাণের

kalyanpc

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আর জি কর তথা ‘অভয়া’ কাণ্ড যে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। মেয়ের মৃত্যুর সুবিচারের দাবিতে বিজেপির প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন অভয়ার মা রত্না দেবনাথ। জনগণের রায়ও তাঁর পক্ষেই গিয়েছে। এর মধ্যেই সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক বিদ্রোহী সাংসদ ও বিধায়কের মুখে বারবার উঠে এসেছে আর জি কর প্রসঙ্গ।

এই আবহে মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিদ্রোহী শিবিরকে তীব্র আক্রমণ শানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। বিশেষ করে চিকিৎসক-সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghosh Dastidar) এবং শর্মিলা সরকার (Sharmila Sarkar)-কে উদ্দেশ করে তিনি বলেন, “আর জি করে ঠিক কী হয়েছিল? সাহস থাকলে সিবিআইকে গিয়ে সত্যিটা বলুন।”

দীর্ঘদিন ধরেই বিরোধীদের অভিযোগ, আর জি কর কাণ্ডে পূর্বতন রাজ্য সরকার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিল। রাজনৈতিক মহলের একাংশের মতে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সেই বিতর্ককেই নতুন করে উসকে দিল।

এদিকে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলে ভাঙনের চিত্র এবার আরও স্পষ্ট হয়েছে। সম্প্রতি ঋতব্রত-পন্থীদের বিদ্রোহে পরিষদীয় দলের নিয়ন্ত্রণ হারানোর পর সোমবার সংসদীয় দলেও বড় ধাক্কা খেয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সূত্রের দাবি, ২০ জন তৃণমূল সাংসদ এনডিএ-তে যোগদানের ইচ্ছা জানিয়ে লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। একইসঙ্গে দলের একাধিক নেতা প্রকাশ্যে দলের নীতি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

এই পরিস্থিতিতে বিদ্রোহীদের ‘সুখের পায়রা’ ও ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করেন কল্যাণ। এদিন কল্যাণ বলেন, “১৫ বছর ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা অভ্যাস হয়ে গিয়েছে। তাই এখনও মুখ্যমন্ত্রীর পাশে ঘুরছে। পাওয়ার ছাড়া এড়া থাকতে পারবে না। মোদি আপনাদের নেতা। তবে বিজেপি এদের নেবে না। ওরা এদের ভালো করে চেনে। সব রিপোর্ট ওদের কাছে আছে, কে নারদায় ঘুস খেয়েছে, কে কী করেছে। বিজেপি কলঙ্কিত লোকেদের নেবে না।”তাঁর দাবি, “কাকলি ঘোষ ছাড়া এরা সকলে ২০১১ সালের পর দলে এসেছে। কোনও লড়াই করেনি। আর তারকারা ভিনদেশি তারা। কেষ্ট না থাকলে শতাব্দী রায় কোনওদিন জিততে পারত না। এরা তৃণমূল কর্মীদের সঙ্গে অন্যায় করেছে।”