এক পুলিশকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের পিছোরের BJP বিধায়ক প্রীতম লোঢীর বিরুদ্ধে। পাঁচ পথচারীকে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল বিধায়ক-পুত্রের বিরুদ্ধে। এবার ছেলের সমর্থনে দাঁড়িয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানা যাচ্ছে। অভিযোগ, রাজ্যের শিবপুরী জেলার কারেরার মহকুমা পুলিশ আধিকারিক (SDOP) আয়ুষ জাখরকে হুমকি দিয়ে প্রীতম বলেন, ‘কারেরার এসডিওপি যে কথাটা বলেছে, সেটা আমার হজম হচ্ছে না। এত বড় সাহস যে, আমার ছেলেকে বলেছে, কারেরায় যেন আর দেখতে না পাওয়া যায় ওকে। এর পরই হুঁশিয়ারির সুরে বিজেপি বিধায়ক বলেন, এসডিওপি-কে আমি জিজ্ঞাসা করতে চাই, কারেরা কি ওর বাবার? সাধারণত, এই ধরনের কথা আমি বলি না। এ ভাবে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে, চাপ দিয়ে, একপেশে তদন্ত করে যদি ভাবেন অনেক কিছু করে ফেলবেন, তা হলে আমরাও তার জবাব দিতে প্রস্তুত। নিজের এক্তিয়ারের মধ্যে থাকুন। ‘ এর পরই বিধায়ক এসডিওপি-কে হুমকি দিয়ে বলেন, ‘এটা স্পষ্ট করে দিতে চাই, আমার ছেলে কারেরাতেই থাকবে। নির্বাচনে লড়বে। যদি তোমার বাবার ক্ষমতা থাকে, আমার ছেলেকে আটকে দেখাও।‘
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল কারেরায় এসইউভি চালিয়ে পাঁচ পথচারীকে ধাক্কা মারার অভিযোগ ওঠে বিধায়ক-পুত্র দীনেশের বিরুদ্ধে। আহতদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন দীনেশ বলেছিলেন, নীলবাতি লাগানো গাড়ি এমএলএ লেখা, হর্ন দেওয়ার পরেও কেন সরেনি ওরা? ধাক্কা দেওয়ার কারণ হিসেবে বিধায়ক-পুত্রের এই মন্তব্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুত্রের এই কাণ্ডে খোদ বিজেপি বিধায়ক বলেছিলেন, ‘পরিবারের আগে আমজনতার সুবিধা-অসুবিধা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আইন আইনের পথে চলবে।‘ কিন্তু সেই বিধায়কের কণ্ঠেই এ বার উল্টো সুর শোনা গেল। পুত্রের পাশে দাঁড়িয়ে পুলিশকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল।




