Header AD

৯২-এ নীরব হল এক স্বর্ণযুগ! কিংবদন্তি আশা ভোঁসলে-র প্রয়াণ, ভারতীয় সঙ্গীতে অপূরণীয় ক্ষতি

Asha Bhosle Death

ভারতীয় সঙ্গীতজগতের এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। প্রয়াত হলেন বর্ষীয়ান সংগীতশিল্পী আশা ভোঁসলে। র বিবার দুপুরে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

শনিবার সন্ধ্যায় আচমকাই শারীরিক অসুস্থতা অনুভব করেন শিল্পী। তিনি প্রথমে নিজের অস্বস্তির কথা গৃহকর্মীকে জানান। এরপর হঠাৎই হৃদ্‌রোগে আক্রান্ত হন বলে জানা যায়। দ্রুত তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর নাতনি জনাই ভোঁসলে সামাজিক মাধ্যমে জানান, ফুসফুসে সংক্রমণের কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। পরিবার ও অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। অভিনেতা অনুপম খের, সঞ্জয় কপূর এবং অশোক পণ্ডিত-সহ বহু বিশিষ্ট ব্যক্তি প্রার্থনা করেছিলেন তাঁর সুস্থতার জন্য। কিন্তু শেষরক্ষা হল না। চিকিৎসকদের মতে, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়।

রবিবার শিল্পীর পুত্র আনন্দ ভোঁসলে জানান, সোমবার সকাল ১১টা পর্যন্ত লোয়ার পারেলের বাসভবনে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ থাকবে। বিকেল ৪টায় শিবাজি পার্কে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।

শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আশা ভোঁসলে ছিলেন এক অনন্য সঙ্গীতপ্রতিভা, যিনি প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বাংলা গানেও তাঁর অবদান উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ও তাঁর অসুস্থতার সময়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছিলেন।

দীর্ঘ কর্মজীবনে আশা ভোঁসলে অসংখ্য ভাষায় হাজার হাজার গান রেকর্ড করেছেন। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার ও পদ্মভূষণসহ বহু সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর জনপ্রিয় গানগুলির মধ্যে রয়েছে—‘পিয়া তু অব তো আ জা’, ‘চুরা লিয়া হ্যায় তুম নে’, ‘ইন আঁখোঁ কি মস্তি’, ‘আগে ভি জানে না তু’ প্রভৃতি। তাঁর মৃত্যুতে ভারতীয় সঙ্গীতজগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।