Header AD

শিশুদের সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে উদ্যোগী ভারত, অনলাইন ক্লাস কমানোর ভাবনা সংসদে

শিশুদের অনলাইন আসক্তি রুখতে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিল কেন্দ্র। ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মতো দেশ যেখানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে, সেই পথেই হাঁটার ভাবনা ভারতেরও। বৃহস্পতিবার সংসদে পেশ হওয়া এক সমীক্ষা-প্রতিবেদনে জানানো হয়েছে, অনলাইন নির্ভরতা কমাতে অনলাইন ক্লাসের পরিমাণ হ্রাস করা প্রয়োজন।

প্রতিবেদনে অনলাইন ক্লাসের জন্য নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, ভার্চুয়াল জগতের সঙ্গে শিশুদের সম্পর্ক কীভাবে স্বাস্থ্যকর রাখা যায়—সে বিষয়ে বিদ্যালয়গুলিকে সচেতনতা ও শিক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শিক্ষাদানের ক্ষেত্রে সহজ ও বিকল্প উপকরণ ব্যবহারের কথাও বলা হয়েছে। শিশুদের জন্য অনুপযুক্ত বিজ্ঞাপন ও অনলাইন জুয়া নিয়ে সতর্কবার্তা রয়েছে প্রতিবেদনে। সাইবার নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে। নির্দিষ্ট স্ক্রিন-টাইম বেঁধে দেওয়া এবং ভার্চুয়াল জগতের বাইরে খেলাধুলো, সৃজনশীল কাজ ও সামাজিক কর্মকাণ্ডে শিশুদের উৎসাহিত করার পরামর্শও রয়েছে।

এছাড়া, অভিভাবকদের উদ্দেশে বার্তা—মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ও ট্যাব যেন শিশুদের হাতে সহজলভ্য না থাকে। নাবালক-নাবালিকাদের অনলাইন আসক্তি কাটাতে অভিভাবকদের জন্য কর্মশালা আয়োজনের কথাও বলা হয়েছে। প্রতিবেদনের মতে, অনলাইন আসক্তি কমাতে পারলে যৌনতা ও হিংসামূলক আচরণ প্রতিরোধেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।