আজ মঙ্গলবার থেকে শুরু হল ঐতিহ্যশালী কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Cannes film festival 2026)। চলবে আগামী ২৩ মে পর্যন্ত। বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনেমা, সংস্কৃতি ও রূপসজ্জার জগতের এক মিলন স্থল এই উৎসব তা বললে অত্যুক্তি হবে না। একই সঙ্গে বিনোদন দুনিয়ায় নারীদের উপস্থিতি ও মতামতকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবারের উৎসবে। দেশ-বিদেশের খ্যাতনামা অভিনেত্রীদের ভিড়ে ভারতের প্রতিনিধিত্ব করবেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bacchan), আলিয়া ভাট (Alia Bhatt) ও অদিতি রাও হায়দারি (Aditi Rao Haydari)। আর এই প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে চলেছেন টলিউড অভিনেত্রী পার্ণো মিত্রও (Parno Mittra)।

অন্যদিকে, বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কের ভাঙা-গড়া থেকে এই মুহূর্তে আদিত্য রয় কাপুরের সঙ্গে ‘আশিকি’ নিয়ে এখন চর্চার কেন্দ্রে তারা সুতারিয়া (Tara Sutaria)। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশ করবেন তিনি। ১১ মে রাতে বিমানবন্দরে সেলেব পাপারাজ্জিদের লেন্সবন্দি তারা সুতারিয়া।সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, তারার হাত ধরে কানের মঞ্চে মূলত পাঁচ ও ছয়ের দশকের চিরন্তন গ্ল্যামারের প্রত্যাবর্তন ঘটবে। তারা সুতারিয়া নিজেও পুরনো দিনের সাজসজ্জার প্রতি ভীষণভাবে আকৃষ্ট। তাই প্রথমবার কানের লাল গালিচায় নতুনের মোড়কে হলিউডের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগী তিনি।

সোমবার ভোরেই কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে রওনা দিয়েছিলেন আলিয়া ভাট। মুম্বই বিমানবন্দরে চিত্রগ্রাহকদের ক্যামেরায় ধরা পড়েন ‘গঙ্গুবাঈ’ তারকা। আন্তর্জাতিক সৌন্দর্য সংস্থার প্রতিনিধি হিসেবেই এবারের উৎসবে অংশ নিচ্ছেন তিনি। সাদা টপ, কালো জ্যাকেট এবং ডেনিমের সাজে বিমানবন্দরে নজর কেড়েছেন আলিয়া। বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে কানের লাল গালিচায় আন্তর্জাতিক তারকাদের সঙ্গেও হাঁটবেন তিনি। সেই তালিকায় রয়েছেন ইভা লঙ্গোরিয়া, জেন ফন্ডা এবং ভিয়োলা ডেভিসের মতো একাধিক বিশ্বখ্যাত ব্যক্তিত্ব।
২০২৫-এর পর চলতি বছরে কানের মঞ্চে দ্বিতীয়বার অংশগ্রহণ প্রসঙ্গে আলিয়া জানিয়েছেন, “দ্বিতীয়বার কানে অংশগ্রহণের সুযোগ পেয়ে ভীষণ খুশি। গত বছরের অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয় আর এবছর আরও বড় উদযাপনের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। নারীদের পারস্পরিক সমর্থন ও তাদের কণ্ঠস্বরের উদযাপনের মঞ্চ কান চলচ্চিত্র উৎসব। এমন একটি ব্র্যান্ড যারা নারীর ক্ষমতায়ন ও মূল্যবোধকে দৃঢ়ভাবে সমর্থন করে। তাদের সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত।”

উল্লেখ্য, গত কয়েক বছরে কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে ভারতীয় সুন্দরীদের উপস্থিতি আন্তর্জাতিকস্তরে বিশেষ প্রভাব ফেলেছে। যশ রাজ ফিল্মসের ব্যানারে আলিয়ার আসন্ন ছবি ‘আলফা’। এছাড়াও হাতে রয়েছে সঞ্জয়লীলা বনসালির ‘লভ অ্যান্ড ওয়ার’। তার আগে আপাতত কানের মঞ্চ গ্ল্যামারস উপস্থিতি দেখার অপেক্ষায় তাঁর অনুগামীরা। উল্লেখ্য, ‘কাপুর বাড়ির বউমা’ বর্তমানে পপুলার গ্লোবাল স্টারদের মধ্যে অন্যতম। গত বছরই কানের মঞ্চে পশ্চিমী বিনোদুনিয়ার তারকাদের ভিড়ে হেঁটে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।





