Header AD
Trending

পশ্চিম এশিয়ার সংঘাতে আটকে ভারতীয়রা! লেবানন ও কাতার থেকে দেশে ফিরলেন শতাধিক নাগরিক

পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের জেরে সেখানে আটকে পড়েছেন বহু ভারতীয় নাগরিক। তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনল কেন্দ্রীয় সরকার ও বিদেশ মন্ত্রক। লেবাননের রাজধানী বেইরুটে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, প্রথম দফায় ১৭৭ জন ভারতীয়কে একটি চার্টার্ড বিমানে করে দিল্লিতে পাঠানো হয়েছে। বেইরুট-রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানান লেবাননে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নূর রহমান শেখ। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননে আটকে থাকা সব ভারতীয় নাগরিককে সহায়তা করতে তারা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে কাতার থেকেও দেশে ফেরানো হচ্ছে ভারতীয়দের। কাতারে থাকা ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে, ১১ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিমানে ৫০০-র বেশি ভারতীয় নাগরিক ভারতের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁদের মধ্যে দিল্লি ও মুম্বই-সহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা রয়েছেন। এছাড়াও ১২ মার্চ আরও দুটি বিমান কাতার থেকে ভারতে আসবে বলে জানা গিয়েছে। একটি দিল্লিতে এবং অন্যটি মুম্বইয়ে নামবে। জরুরি পরিস্থিতিতে ভারতীয়দের সহায়তার জন্য দূতাবাস তিনটি হেল্পলাইন নম্বরও চালু করেছে।