রাজ্যের নতুন শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই পশ্চিমবঙ্গে শিল্পায়নের গতি ফেরানোর বার্তা দিলেন তাপস রায় (Tapas Roy)। তাঁর স্পষ্ট বক্তব্য, রাজ্য থেকে চলে যাওয়া শিল্পগোষ্ঠীগুলিকে আবার ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। সেই তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম টাটা গোষ্ঠী (Tata Groups)।
তাপস রায় জানান, পশ্চিমবঙ্গকে আবার বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, টাটা গোষ্ঠীকে বাংলায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজন হলে তাঁদের সদর দফতরে গিয়ে আলোচনাও করবেন। তাঁর কথায়, রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
শিল্পমন্ত্রীর দাবি, পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন সমস্যার কারণে বহু বিনিয়োগকারী পশ্চিমবঙ্গ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে শিল্পপতিদের আস্থা ফিরিয়ে আনাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।
উল্লেখ্য, বামফ্রন্ট সরকারের আমলে হুগলির সিঙ্গুরে (Singur) ন্যানো গাড়ির কারখানা গড়ার উদ্যোগ নিয়েছিল টাটা গোষ্ঠী। কিন্তু জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক আন্দোলনের জেরে শেষ পর্যন্ত প্রকল্পটি বন্ধ হয়ে যায় এবং টাটারা রাজ্য ছেড়ে চলে যায়। পরে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে সেই জমি কৃষকদের ফিরিয়ে দেওয়া হয়।
তবে টাটা গোষ্ঠীকে ফের আনার ক্ষেত্রে সিঙ্গুরকেই বেছে নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি শিল্পমন্ত্রী। তবুও তাঁর ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন সিঙ্গুরের বাসিন্দারা। অনেকেরই আশা, দীর্ঘদিনের শিল্প-অচলাবস্থার অবসান ঘটিয়ে এলাকায় আবার কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
শিল্পমন্ত্রীর এই উদ্যোগ কতটা সফল হয়, সেদিকেই এখন নজর রাজ্যের শিল্পমহল ও সিঙ্গুরবাসীর।





