Header AD

শহরে ফের সক্রিয় ‘ইরানি কেপমার গ্যাং’! পুলিশের জালে ২

ফের কলকাতায় সক্রিয় ‘ইরানি কেপমার গ্যাং’। দুটি চুরির ঘটনায় ফুলবাগান  এবং উল্টোডাঙা চত্বর থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। দুটিই চুরির ঘটনা। একটি মিনিবাসের ঘটনা আর অন্যটি ঘটেছে এটিএম-এ।

আভেদ ইরানি নামে এক যুবককে ফুলবাগান এলাকায় দেড় লক্ষ টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, ১৮ অক্টোবর বড়বাজার থেকে কাঁকুড়গাছি যাওয়ার পথে একটি মিনিবাসে দীপঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তির দেড় লক্ষ টাকা চুরি যায়। এই ঘটনার তদন্তে নেমে আভেদ নামক ওই চোরকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে জানা গিয়েছে ওই ব্যক্তি কুখ্যাত ইরানি কেপমার গ্যাংয়ের সদস্য। ১ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার হয়েছে তাঁর কাছ থেকে। এখনও খোঁজ চলছে বাকি টাকার।

অপরদিকে, উল্টোডাঙা থানা এলাকায় এক বৃদ্ধাকে এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করার বাহানায় ১৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। গত মাসের ২২ তারিখের ঘটনা। বৃদ্ধা রুবি বসুর অভিযোগ, উল্টোডাঙার একটি এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন তিনি। তবে টাকা তোলার নিয়ম সম্পর্কে ঠিকভাবে অবগত ছিলেন না। এমন সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসেন। ওই বৃদ্ধা কিছু বুঝে ওঠার আগেই ছল করে  ১৫ হাজার টাকা এটিএম থেকে তুলে নিয়ে পালিয়ে যান তিনি। এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধা। দ্রুত তদন্তে নামে উল্টোডাঙা থানার পুলিশ। অভিযোগকারিণী জানান, দুপুর ২টো থেকে আড়াইটের মধ্যে ঘটনাটি ঘটেছে। তদন্তে নেমে পুলিশ এটিএমের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে অভিযুক্তকে। এরপর বিভিন্ন সূত্র মারফৎ জাভেদ হুসেন ইরানি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা জানান, অভিযুক্ত জেরার মুখে অভিযোগ স্বীকার করে। এছাড়াও ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে তাঁর কাছ থেকে। তদন্তে জানা গিয়েছে জাভেদও ইরানি কেপমার গ্যাংয়ের সদস্য।