ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা SIR এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার পর দ্রুত পদক্ষেপ করল Election Commission। শুনানি পর্ব শেষ হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই কমিশন কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। গুরুতর অনিয়মের অভিযোগে একযোগে সাতজন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-র বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত আধিকারিকদের অবিলম্বে সাসপেন্ড করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থাও নিতে হবে। এই মর্মে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। শুধু তা-ই নয়, তদন্তের অগ্রগতি সম্পর্কেও নিয়মিতভাবে কমিশনকে অবহিত রাখতেও বলা হয়েছে।
রাজ্যের মোট পাঁচটি বিধানসভা কেন্দ্রের সাতজন এইআরও-র বিরুদ্ধে এই নির্দেশ জারি হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের বিরুদ্ধে আগেই পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছিল।
যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন,
ক্যানিং পূর্ব (২ জন): সত্যজিৎ দাস ও জয়দীপ কুণ্ডু
সুতি (মুর্শিদাবাদ): শেখ মুর্শিদ খান
ময়নাগুড়ি: ডালিয়া রায়চৌধুরী
সামশেরগঞ্জ: সেফাদুর রহমান
ফরাক্কা: নীতিশ দাস
চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এসআইআর সংক্রান্ত কাজে গুরুতর অনিয়ম , দায়িত্বে গাফিলতি এবং আইনগত ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ক্যাডার কন্ট্রোলিং অথরিটিকে দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের এই কড়া অবস্থান রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।





