দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের (2nd Phase of electioninBengal) আগে পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টা দল বেঁধে বাইক চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট-এর ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়েছে, ভোটের আগে কোনওভাবেই ‘গ্রুপ রাইডিং’ বা বাইক মিছিল করা যাবে না। তবে ব্যক্তিগতভাবে কেউ বাইক নিয়ে বেরোতে চাইলে, সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না।
ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বলেন, ব্যক্তিস্বাধীনতা সংবিধানপ্রদত্ত অধিকার। তাই কেউ যদি একা বাইক নিয়ে বাইরে ঘুরতে বা খোলা হাওয়ায় বেরোতে চান, তাতে প্রশাসন বাধা দিতে পারে না। তবে দল বেঁধে বাইক চালানো বা বাইক র্যালির মতো কর্মসূচি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এর আগে ভোটের দু’দিন আগে বাইক চলাচল নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করেছিল নির্বাচন কমিশন (ECI)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হলে আদালতের একক বেঞ্চ কিছু সংশোধন আনে। পরে কমিশন ডিভিশন বেঞ্চে আবেদন জানালে নতুন করে শুনানির পর এই নির্দেশ দেওয়া হয়। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ব্যক্তিস্বাধীনতার স্বার্থেই একক বেঞ্চের নির্দেশে সম্পূর্ণ হস্তক্ষেপ করা গেল না। ভোটপর্বকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই নির্দেশ বলে আদালত সূত্রে জানা গিয়েছে।




