Header AD
Trending

১ জুলাই থেকে রাজ্যে চালু ‘জি রাম জি’ প্রকল্প, কারা উপকৃত হবেন?

g ram g

সারা দেশের পাশাপাশি ১ জুলাই, বুধবার থেকে পশ্চিমবঙ্গেও আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘ভিবি জি রাম জি’ (বিকশিত ভারত গ্রামীণ রোজগার অভিযান)। মঙ্গলবার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই প্রকল্প শুরুর কথা জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

কেন্দ্র সরকার মনরেগা (মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার গ্যারান্টি আইন)-এর পরিবর্তে নতুন আইন VB-G RAM-G বা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) চালু করেছে। সংক্ষেপে এই প্রকল্পের নাম জি রাম জি। নতুন ব্যবস্থায় কর্মসংস্থানের মেয়াদ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব রাখা হয়েছে।

তবে এই প্রকল্প ঘিরে বিতর্কও কম নয়। আগে যেখানে কেন্দ্রীয় বরাদ্দ ছিল ৯০ শতাংশ, নতুন আইনে তা কমিয়ে ৬০ শতাংশ করা হয়েছে। বাকি ৪০ শতাংশ বহন করবে রাজ্য সরকার।বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও চলতি বছরের জানুয়ারিতে সংসদে বিলটি পাশ হয়।

রাজ্যের পঞ্চায়েত দপ্তরের দাবি, এই প্রকল্প চালু হলে পশ্চিমবঙ্গের প্রায় ২.৫৬ কোটি জব কার্ডহোল্ডার সরাসরি উপকৃত হবেন।এই প্রকল্পের জন্য প্রথম অর্থবর্ষে কেন্দ্রের ব্যয় ধরা হয়েছে ৮,৫০৮ কোটি টাকা, আর রাজ্যের খরচ হবে ৫,৬৭২ কোটি টাকা। সব মিলিয়ে প্রকল্পে মোট ব্যয় হবে ১৪ হাজার কোটিরও বেশি। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ খরচ হবে শ্রমিকদের মজুরি দিতে, আর বাকি অর্থ ব্যয় হবে কাজের প্রয়োজনীয় উপকরণ কেনায়।

পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন, নতুন প্রকল্প বাস্তবায়নের সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। তবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এ বাদ পড়া প্রায় ২৭ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন না। তাঁর বক্তব্য, সরকারি প্রকল্পের সুবিধা পেতে প্রয়োজনীয় নথি ও পরিচয় যাচাই বাধ্যতামূলক। ফলে যাঁদের নাম চূড়ান্ত তালিকায় নেই, তাঁদের আপাতত এই সুবিধার আওতায় আনা সম্ভব নয়।

অন্যদিকে, মনরেগার বকেয়া অর্থ নিয়েও ইতিবাচক বার্তা মিলেছে বলে জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। ফলে নতুন প্রকল্প চালুর পাশাপাশি পুরনো বকেয়া সমস্যারও সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে।