Header AD
Trending

চলন্ত গাড়িতে তরুণীকে হেনস্তা, ধাওয়া করে অভিযুক্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ

খাস কলকাতায় এক তরুণীকে গাড়িতে তুলে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ১৮ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। প্রায় দু’কিলোমিটার ধাওয়া করে সিনেমার দৃশ্যের মতো অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটতে পারে। তবে অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ বছরের ওই তরুণীর সঙ্গে সমাজমাধ্যমে পরিচয় হয় তার থেকে কমবয়সি এক কলেজ ছাত্রের। কিছুদিন কথাবার্তার পর যুবকটি প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু তরুণী তা নাকচ করে দেন। এরপর তিনি অভিযুক্তকে এড়িয়ে চলতে শুরু করলে ক্ষুব্ধ হয়ে ওঠে যুবকটি। বিষয়টি নিয়ে চূড়ান্ত কথা বলতে শনিবার দেখা করার সিদ্ধান্ত হয় দু’জনের।

দক্ষিণ কলকাতার হরিদেবপুরের রাজা রামমোহন রায় রোড (পূর্ব)-এর বাসিন্দা ওই তরুণীকে নিজের গাড়িতে তোলে অভিযুক্ত। গাড়িতে ওঠার পরই শুরু হয় বচসা। অভিযোগ, ডায়মন্ড হারবার রোডে বাগির খাল থেকে বেহালা চৌরাস্তার মাঝামাঝি এলাকায় গাড়ির ভেতরে তরুণীকে আটকে রেখে মারধর করা হয়। এমনকি চলন্ত গাড়িতেই তার শ্লীলতাহানি করা হয় বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি গালিগালাজ ও হুমকিও দেওয়া হয়। এরপর গাড়ি থামিয়ে তরুণীকে রাস্তায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। রাতে এক ট্রাফিক সার্জেন্ট তাঁকে বিভ্রান্ত অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে উদ্ধার করে বেহালা থানায় নিয়ে যান। সেখানে তরুণী পুরো ঘটনা জানান।

অভিযোগ পাওয়ার পর বেহালা অঞ্চলের বিভিন্ন থানা ও ট্রাফিক গার্ড যৌথভাবে তল্লাশি শুরু করে। নাকা চেকিং চালানো হয়। শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার রোড ও বনমালী নস্কর রোডের সংযোগস্থল থেকে গাড়িটি আটক করা হয়। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে। রবিবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক শর্তসাপেক্ষে অভিযুক্তের জামিন মঞ্জুর করেন। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।