Header AD

মহাকরণের সামনে ট্রাফিক লঙ্ঘনের অভিযোগ, লালবাজারের কাছে সেনাবাহিনীর ট্রাক আটকাল কলকাতা পুলিশ

কলকাতা শহরের ব্যস্ত রাস্তায় সেনার গাড়ির বেপরোয়া গতি! মঙ্গলবার বেলা ১১টা নাগাদ মহাকরণের সামনে দিয়ে সেনার একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার অভিযোগে আটকায় কলকাতা ট্রাফিক পুলিশ। এদিন সকালে আচমকাই রাইটার্স বিল্ডিংয়ের সামনে বেন্টিঙ্ক স্ট্রিট-লালবাজার ক্রসিংয়ে সেনাবাহিনীর গাড়িটি আটকায় কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ফোর্ট উইলিয়াম থেকে আয়কর অফিস যাচ্ছিল সেনার গাড়িটি। পুলিশের তরফে জানানো হয়, সেনার গাড়িটি ওভারস্পিডিং করছিল, সেই সঙ্গে ট্রাফিক আইন না মেনে রাইট টার্ন নেওয়ার চেষ্টা করে। সেনার ট্রাকটি এবং জওয়ান, আধিকারিকদের নিয়ে যাওয়া হয়েছে হেয়ার স্ট্রিট থানায়।সেনা ট্রাকের ঠিক পিছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি। তাঁর নিরাপত্তার কারণে সেনার গাড়ি আটকানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও বেপরোয়া গতির বিষয়টি অস্বীকার করে সেনার তরফে জানানো হয়েছে, মহাকরণের সামনে থেকে গাড়িটি বাঁক নেওয়ার সময়ই পুলিশ তা আটকে দেয়। ট্রাফিক পুলিশের দাবি, সেনার ট্রাকটি এমন গতিতে ছুটছিল যে বাঁক নিতে গিয়ে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তাই তাকে আটকানো হয়েছে।অন্যদিকে সেনার বক্তব্য, মহাকরণের সামনে ট্রাফিক সিগন্যাল খোলা থাকায় তাদের গাড়ি এগিয়ে গিয়েছিল, কোনও ভুল হয়নি। গোটা ঘটনা জানানো হয়েছে ফোর্ট উইলিয়ামে। প্রসঙ্গত, সোমবার মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলন চলাকালীন আচমকাই মঞ্চ খুলে দিয়েছিল সেনাবাহিনী। খবর পেয়ে সেখানে ছুটে যান খোদ তৃণমূল নেত্রী। সেনা বিজেপির কথায় এমন কাজ করেছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে না জানিয়ে মঞ্চ খোলা হয় বলেও অভিযোগ করেন তিনি। তা নিয়ে সেনা ও পুলিশের দ্বন্দ্ব চরমে উঠেছিল। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মঙ্গলবার সেনার গাড়ি নিয়ে সংঘাত তৈরি হল।